বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ইসলামাবাদ: জারদারি ও শাহবাজ

· Prothom Alo

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্ব’ দেয় ইসলাবামাদ। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠকে এ কথা বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত সোমবার দেশটিতে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। তাঁর সঙ্গে রয়েছে একটি সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

Visit sportbet.rodeo for more information.

গতকাল হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গীরা ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, বৈঠকে জারদারি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। এই সম্পর্কের ভিত্তি অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধন।’

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান। এ ছাড়া পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খানও উপস্থিতি ছিলেন।

পাকিস্তানের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, সিনেটর শেরি রহমান ও সেলিম মান্ডভিওয়ালা, জাতীয় পরিষদের সদস্য নাভিদ কামার ও শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং জাতীয় পরিষদে পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফররত বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।

দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা স্মরণ করে শাহবাজ শরিফ প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের ব্যাপক কর্মসূচির কথা উল্লেখ করে শাহবাজ শরিফ বলেছেন, সংসদীয় ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিপুল সুযোগ রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, নিয়মিত সংসদীয় প্রতিনিধিদলের আসা-যাওয়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির আইনপ্রণেতাদের সঙ্গে ছবি তুলছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা। প্রেসিডেন্ট ভবন, ইসলামাবাদ, ২৬ নভেম্বর ২০২৬

প্রতিরক্ষা সহযোগিতায় প্রস্তুত পাকিস্তান

বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

জারদারি বলেন, সংসদীয় প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও উভয় পক্ষের লাভের ভিত্তিতে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, জারদারি সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে নতুন গতির কথা উল্লেখ করেছেন। বিশেষ করে উচ্চপর্যায়ের সফর বিনিময়, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন তিনি।

দুই দেশের মধ্যে আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেন জারদারি।

পাকিস্তানের প্রেসিডেন্টের মতে, এসব সমঝোতা স্মারক দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।

জারদারি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে পাকিস্তানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।

একই সঙ্গে কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণায় সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন জারদারি।

সরাসরি ফ্লাইট ও নৌ যোগাযোগ বাড়ানোর তাগিদ

দুই দেশের যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

আগামী জানুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান জারদারি। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সহজ করতে দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখারও আহ্বান জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনায় জারদারি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো সম্ভাবনার তুলনায় অনেক কম।

এ পরিস্থিতিতে অগ্রাধিকারমূলক বাণিজ্যব্যবস্থা চালু এবং সহযোগিতা সম্প্রসারণে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কার্যকরভাবে ব্যবহারের আহ্বান জানান জারদারি। এর মধ্যে রয়েছে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) ও বাণিজ্যবিষয়ক যৌথ কার্যকরী দল।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত জেইসির বৈঠকে যেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, সেগুলোতে অগ্রগতি অর্জনের ওপরও গুরুত্ব দেন জারদারি।

সরকার থেকে সরকার পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি অব্যাহত থাকার বিষয়টি উল্লেখ করেন জারদারি।

জারদারির মতে, এ সহযোগিতার ভিত্তিতে খাদ্যনিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে দুই দেশ আরও বিস্তৃত সহযোগিতা গড়ে তুলতে পারে।

বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণে সহায়তার প্রস্তাবও দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি জানান, পাকিস্তান ইনস্টিটিউট ফর পার্লামেন্টারি সার্ভিসেসে (পিআইপিএস) বাংলাদেশের সংসদীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে।

চীন-বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতায় অগ্রগতি

চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোর আওতায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি।

পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, বিশেষ করে ২০২৫ সালের ১৯ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে সহযোগিতার ১২টি অগ্রাধিকার খাত চিহ্নিত হওয়ার বিষয়টি উল্লেখ করেন জারদারি।

জারদারি ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের প্রতি পাকিস্তানের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানের ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশের স্পিকার যা বললেন

পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট জারদারিকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নিয়ে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণা করেন হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিয়মিত প্রতিনিধিদল বিনিময় ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের পার্লামেন্টের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে সম্পর্কের উন্নতি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্কের উন্নতি হয়েছে। শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্কে অনেক টানাপোড়েন ছিল।

গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক।

ওই বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ঢাকা সফর করেন। সেই সফরে তিনি বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন।

Read full story at source