বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূল্য দিচ্ছে

· Prothom Alo

বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের নেওয়া এ–সংক্রান্ত কর্মকাণ্ড, নীতি ও চর্চাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। এ জন্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মূল্য দিতে হচ্ছে বলে মনে করে ইউএসটিআর।

গতকাল বুধবার রাতে বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউএসটিআর কার্যালয়। গত মার্চ থেকে তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে ইউএসটিআর। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের ওপর ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে।

Visit newsbetsport.bond for more information.

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা–সংক্রান্ত বাংলাদেশের নীতির ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানির সুযোগ কমছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হচ্ছে। ক্রেতারা হয়তো কম দাম বা পণ্যের বেশি সরবরাহের সুবিধা পাচ্ছেন, কিন্তু বাণিজ্য–ঘাটতি ও উৎপাদন খাত সংকুচিত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রকৃত মূল্য দিতে হচ্ছে।

যুক্তরাষ্ট্র আরও বলছে, সামগ্রিকভাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যহীনতার কারণ হলো দেশটির রপ্তানিমুখী উৎপাদন খাত। এসব খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা থেকে সুবিধা পায়। পাশাপাশি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণের বড় অংশ চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধনি ও মধ্যবর্তী উপকরণ, যেমন যন্ত্রপাতি, সুতা, কাপড় ও কৃত্রিম তন্তু বিপুল পরিমাণে আমদানি করে বাংলাদেশ। এসব পণ্য উৎপাদন ও রপ্তানির যথেষ্ট সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রেরও।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ কমে যাওয়ায় তাদের আয়, মুনাফা ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে নির্দিষ্ট শিল্প খাত, অঞ্চল ও সামগ্রিক অর্থনীতিতে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, একজন কারখানার মালিক তাঁর রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়। অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি ও বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক।

ইউএসটিআর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। বাংলাদেশের ওপর ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে।

প্রসঙ্গ চীন থেকে কাঁচামাল আমদানি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) প্রতিবেদনে চীন থেকে বাংলাদেশের পণ্য আমদানির বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, নন–মার্কেট ইকোনমির (এনএমই) দেশ চীন থেকে বাংলাদেশের আমদানি এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করছে। চীনের মতো এনএমই দেশ থেকে উৎপাদনের উপকরণ আমদানি বেড়ে যাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার পরিবেশ শুধু নষ্ট হচ্ছে না; বরং এসব উপকরণ ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশের পরবর্তী ধাপের পণ্যগুলোর কৃত্রিম প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ছে। এ ছাড়া চীন থেকে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতার কারণে চীন বাংলাদেশের শিল্পকারখানার মাধ্যমে তাদের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমন কর্মকাণ্ড, নীতি ও চর্চা, যা কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন সৃষ্টি, টিকিয়ে রাখা বা বাড়াতে ভূমিকা রাখে, সেগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত বা সীমিত করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রির সুযোগ কমছে এবং দেশটির পণ্য রপ্তানি হ্রাস পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উৎপাদনের সুযোগ কমে যাওয়ায় তা দেশটির অর্থনীতিতে তাৎক্ষণিক ও ভবিষ্যৎ—উভয় ধরনের প্রভাব ফেলছে। এর মধ্যে রয়েছে বিক্রি, উৎপাদন ও রপ্তানি কমে যাওয়া এবং মজুরি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব।

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের উৎপাদন–সংশ্লিষ্ট মধ্যবর্তী পণ্য আমদানি সাত বিলিয়ন ডলার বা ৬৮ শতাংশ বেড়েছে। এসব পণ্যের মধ্যে পোশাক খাতের যন্ত্রপাতি, কাপড় ও অন্যান্য উপকরণ রয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য ব্যবহার করে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানিতে চীনের মূল্য সংযোজনের অংশ ২০১৭ সালের আড়াই শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ১১ দশমিক ২ শতাংশ হয়েছে।

চীনের মতো নন–মার্কেট ইকোনমি (এনএমই) দেশ থেকে উৎপাদনের উপকরণ আমদানি বেড়ে যাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতার পরিবেশ শুধু নষ্ট হচ্ছে না; বরং এসব উপকরণ ব্যবহার করে উৎপাদিত বাংলাদেশের পরবর্তী ধাপের পণ্যগুলোর কৃত্রিম প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ছে।

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কত

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানির পরিমাণ ছিল প্রায় ৮৬০ কোটি ডলার। ওই বছর এ ধরনের পণ্যের মোট মার্কিন আমদানির প্রায় ৮ শতাংশ ছিল বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাক। এ ছাড়া ২০২৫ সালে বাংলাদেশ থেকে সামগ্রিক টেক্সটাইল পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় ৯০০ কোটি ডলার। ওই বছর যুক্তরাষ্ট্রের মোট টেক্সটাইল পণ্য আমদানির প্রায় ৬ শতাংশ ছিল বাংলাদেশ থেকে আসা পণ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১–২০২৫ সময়ে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যে ১৫ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত ছিল। ইউএসটিআরের হিসাবে, এই উদ্বৃত্ত ২০২১ সালের ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে প্রায় সাত বিলিয়ন ডলারে পৌঁছায়।

ইউএসটিআরের প্রতিবেদন সম্পর্কে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ প্রথম আলোকে বলেন, বাড়তি শুল্ক যেন আরোপ না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে দর–কষাকষি করা উচিত। কারণ, আগামী জানুয়ারি মাসে শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসনকে বোঝাতে হবে, বাংলাদেশ শিল্প খাতে কর, নগদ সহায়তাসহ যেসব সুবিধা দেয়, তা আসলে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য, অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা রাখার জন্য। এ ধরনের সুবিধা নির্দিষ্ট কোনো দেশে বাজারসুবিধা বা রপ্তানি সক্ষমতা ধরে রাখার জন্য। তিনি আরও বলেন, বাড়তি শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের আমদানিকারক চাইবেন, এটি শুল্কের ভার বাংলাদেশের রপ্তানিকারকে চাপিয়ে দিতে। কারণ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের খরচ বেড়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের পোশাকমালিকসহ অন্য রপ্তানিকারকেরা ইতিমধ্যে উচ্চ উৎপাদন খরচের মধ্যে আছে। ইতিমধ্যে পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এমনিতেই চাপ বাড়বে।

Read full story at source