তিন সংকটে দেশের পুষ্টি পরিস্থিতি

· Prothom Alo

► পাঁচ বছরে কৃশকায় শিশুর হার ১১ থেকে বেড়ে ১৩ শতাংশ।

Visit esporist.com for more information.

► গর্ভবতী নারীদের ৫৪ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন।

► ১৫-১৯ বছর বয়সী মেয়েদের ২৫ শতাংশ ক্ষীণকায়।

► প্রজননক্ষম ৫৫.৫% নারীর ওজন বেশি বা স্থূলকায়।

► ৭১.৫ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডির ঘাটতি।

দেশে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর হার বাড়ছে। গর্ভধারণ করা নারীদের ৫৪ শতাংশ রক্তস্বল্পতার শিকার। অন্যদিকে স্থূলতাও বাড়ছে। দেশ একই সঙ্গে পুষ্টির কমতি, অনুপুষ্টিকণার ঘাটতি ও অতি ওজন বা স্থূলতার সমস্যায় পড়েছে।

দেশের অপুষ্টির এ চিত্র তুলে ধরা হয়েছে খসড়া জাতীয় পুষ্টিনীতি ২০২৬–এ। এতে বলা হয়েছে, দ্রুত নগরায়ণ, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, অনিরাপদ খাদ্য, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব—এসব কারণে পুষ্টি পরিস্থিতি খারাপ হয়েছে। তবে খসড়াতে এ–ও বলা হয়েছে, আগের জাতীয় পুষ্টিনীতি বাস্তবায়নের ফলে পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সর্বশেষ পুষ্টিনীতি গৃহীত হয়েছিল ২০১৫ সালে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন পুষ্টিনীতি তৈরির উদ্যোগ নেয়। দাতাদের সহায়তায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ নতুন পুষ্টিনীতির খসড়া তৈরি করেছে। এ খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা ও কর্মশালা হয়েছে।

পুষ্টিনীতি প্রণয়নকারীরা মনে করছেন, অপুষ্টির নতুন ও পুরোনো ধরনগুলো জনস্বাস্থ্য ও উন্নয়নের জন্য চ্যালেঞ্জ।
অপুষ্টির দুষ্টচক্র অর্থনীতিকে চরম সংকটে ফেলতে পারে

পুষ্টি পরিস্থিতি

জাতীয় পুষ্টিনীতির খসড়ায় দেশের পুষ্টি পরিস্থিতি নিয়ে কিছু পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ২০২১–২২ সালে দেশে কৃশকায় শিশু ছিল ১১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে হয় ১৩ শতাংশ। অল্প সময়ের মধ্যে ওজন অনেক কমে গেলে বা শরীর ক্ষয় হলে শিশু কৃশকায় হয়ে পড়ে। এটি তীব্র অপুষ্টির বহিঃপ্রকাশ। এ পরিস্থিতিতে শিশু মারাত্মক দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, জীবনহানির ঝুঁকি বাড়ে।

কিশোরী ও নারীদের বিষয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে, তা উদ্বেগজনক। ১৫ থেকে ১৯ বছর মেয়েদের ২৫ শতাংশ রোগা বা ক্ষীণকায়। পাশাপাশি ৩০ শতাংশ খর্বকায়, অর্থাৎ এদের বয়সের তুলনায় উচ্চতা কম। এর মানে, এসব মেয়ে দীর্ঘ সময় ধরে অপুষ্টির শিকার।

রক্তস্বল্পতা উদ্বেগের বড় বিষয়। দেখা যাচ্ছে, গর্ভধারণ করা নারীদের ৫৪ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে। মায়েদের মধ্যে এ হার ৩৭ শতাংশ। গর্ভবতী নারী ও মা রক্তস্বল্পতায় ভুগলে গর্ভস্থ শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, জন্মের পর শিশুর প্রারম্ভিক বৃদ্ধি ঠিকমতো হয় না। শিশুমৃত্যুর হারও বাড়ে।

নীতি প্রণয়নকারীরা মনে করেন, অপুষ্টির আরেক কারণ বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ। বালবিবাহের কারণে কিশোরী মা সন্তান জন্ম দেয়। অপুষ্ট মায়ের সন্তান অপুষ্ট হয়। বাল্যবিবাহকে কেন্দ্র করে অপুষ্টি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গড়াচ্ছে।
১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম, ক্ষুধা কমানোয় অগ্রগতি ধীর

অন্যদিকে স্থূলতার প্রবণতাও বাড়ছে। দেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশ স্থূলকায়, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তাদের ওজন বেশি। প্রজননক্ষম নারীদের (১৫ থেকে ৩৯ বছর বয়সী) মধ্যে এই হার ৫৫ দশমিক ৫ শতাংশ। আবার দেখা যাচ্ছে, শহর এলাকার ৬৩ দশমিক ৭ শতাংশ প্রজননক্ষম নারী স্থূল বা তাদের ওজন অতিরিক্ত।

অনুপুষ্টিকণার (মাইক্রোনিউট্রিয়েন্ট) ঘাটতিও ব্যাপক বলে খসড়া নীতিতে উল্লেখ হয়েছে। ভিটামিন ডির ঘাটতি ৭১ দশমিক ৫ শতাংশ মানুষের মধ্যে। পাশাপাশি ২৬ দশমিক ৩ শতাংশ মানুষের ক্যালসিয়ামের অভাব আছে। অনুপুষ্টিকণা খুব সামান্য পরিমাণে দরকার হয়, তবে এটা না পেলে নানা সমস্যা হয়।

পুষ্টিনীতি প্রণয়নকারীরা মনে করছেন, অপুষ্টির নতুন ও পুরোনো ধরনগুলো জনস্বাস্থ্য ও উন্নয়নের জন্য চ্যালেঞ্জ।

খসড়া পুষ্টিনীতিতে অপুষ্টি দূর করতে দুই ধরনের কৌশলের কথা বলা হয়েছে। একটি কৌশলের মধ্যে আছে প্রত্যক্ষভাবে পুষ্টিকেন্দ্রিক কাজ। দ্বিতীয় কৌশলের মধ্যে আছে পরোক্ষভাবে পুষ্টিকেন্দ্রিক কাজ।
শিশু অপুষ্টিতে ভুগছে কি না বুঝবেন কীভাবে

পেছনের কারণ

অপুষ্টির পেছনের কারণ ব্যাখ্যা করা হয়েছে খসড়া পুষ্টিনীতিতে। দ্রুত নগরায়ণ ও শ্রমবাজারে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণের কারণে খাদ্যের পরিবেশ ও শিশুর সেবা–যত্নে পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়েছে খাবারের মানে, পুষ্টিতে ও খাদ্যনিরাপত্তায়। শিশুর পুষ্টি পরিস্থিতি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৬ থেকে ২৩ মাস বয়সী ৬৫ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের (ফুড পোভার্টি) মধ্যে আছে। মানে হলো, আর্থিকসহ অন্যান্য সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত পরিমাণ ও পুষ্টিকর খাবার তারা পায় না। পাশাপাশি একই বয়সী ৫৪ শতাংশ শিশু অস্বাস্থ্যকর খাদ্য খাচ্ছে।

দেশে খাদ্যপ্রাপ্যতার উন্নতি ঘটেছে, কিন্তু খাদ্যের মান নিচেই থেকে গেছে। খাদ্য মূলত শস্যনির্ভর। খাদ্যভিত্তিক শক্তির ৭০ শতাংশ আসে শস্য থেকে। মাত্র ৬ শতাংশ আসে মাছ–মাংস, ফলমূল ও শাকসবজি থেকে। গড় ক্যালরি গ্রহণ বেড়েছে। ২০১৬ সালে দেশের মানুষ দৈনিক গড়ে ২ হাজার ২১০ কিলোক্যালরি গ্রহণ করত। ২০২২ সালে তা বেড়ে হয় ২ হাজার ৩৯৩ কিলোক্যালরি। কিন্তু খাদ্যে বৈচিত্র্য কমেছে। খাদ্য মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক ধাক্কা—এসব কারণে স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য কমেছে। অনিরাপদ খাদ্য ও পরিবেশজনিত ঝুঁকি পুষ্টির সমস্যাকে আরও বাড়িয়েছে। ভেজাল ও দূষিত খাদ্য এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে খাদ্যজনিত রোগ বেড়েছে। অপুষ্টির অন্যতম প্রধান নির্ধারক হচ্ছে দারিদ্র্য। ২০২৫ সালে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে ছিল। সামাজিক সুরক্ষা কর্মসূচি দারিদ্র্য কমাতে ভূমিকা রেখেছে। তবে গত কয়েক বছরে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পাওয়া শিশুর হার উল্লেখযোগ্য হারে কমেছে।

নীতি প্রণয়নকারীরা মনে করেন, অপুষ্টির আরেক কারণ বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ। বালবিবাহের কারণে কিশোরী মা সন্তান জন্ম দেয়। অপুষ্ট মায়ের সন্তান অপুষ্ট হয়। বাল্যবিবাহকে কেন্দ্র করে অপুষ্টি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গড়াচ্ছে।

অধ্যাপক মুজিবুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ খুব শিগগির জাতীয় পুষ্টিনীতি চূড়ান্ত হবে। এরপর অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় তোলা হবে। অনুমোদনের পর ২২টা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আমরা এই নীতি বাস্তবায়নের কাজ শুরু করব।খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

সরকার কী করছে

খসড়া পুষ্টিনীতিতে অপুষ্টি দূর করতে দুই ধরনের কৌশলের কথা বলা হয়েছে। একটি কৌশলের মধ্যে আছে প্রত্যক্ষভাবে পুষ্টিকেন্দ্রিক কাজ। এর মধ্যে আছে মায়ের পুষ্টি, শিশুর পুষ্টি, পাঁচ বছরের কম বয়সী শিশুর পুষ্টি, কৈশোর পুষ্টি, বয়স্কদের পুষ্টি, প্রবীণদের পুষ্টি ও প্রতিবন্ধীদের পুষ্টি নিশ্চিত করা। এ ছাড়া তীব্র অপুষ্টির শিকার শিশু ও দুর্যোগ পরিস্থিতিতে পুষ্টি নিশ্চিত করার বিষয়গুলো এই পর্যায়ে ফেলা হয়েছে।

দ্বিতীয় কৌশলের মধ্যে আছে পরোক্ষভাবে পুষ্টিকেন্দ্রিক কাজ। কৃষির উন্নতি হলে অপুষ্টি দূর হয়। খাদ্য নিশ্চয়তা ও নিরাপদ খাদ্য অপুষ্টি দূর করে। একইভাবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, পরিবার পরিকল্পনা, নিরাপদ পানি—এ বিষয়গুলো পরোক্ষভাবে পুষ্টি নিশ্চিত করে। এসব কীভাবে পুষ্টির উন্নতিতে কাজে লাগানো যাবে, খসড়া পুষ্টিনীতিতে তার বিস্তারিত বর্ণনা আছে।

জানতে চাইলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক অধ্যাপক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খুব শিগগির জাতীয় পুষ্টিনীতি চূড়ান্ত হবে। এরপর অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় তোলা হবে। অনুমোদনের পর ২২টা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আমরা এই নীতি বাস্তবায়নের কাজ শুরু করব।’

Read full story at source