রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা
· Prothom Alo

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নুরুজ্জামান টুকু রাজশাহী সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক। তাঁর বড় ভাই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘদিন নুরুজ্জামানকে প্রকাশ্যে দেখা যায়নি।
Visit asg-reflektory.pl for more information.
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল জুমার নামাজের পর নুরুজ্জামান টুকু নগরের মহিষবাথান গোরস্তানে মায়ের কবর জিয়ারত করতে যান। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। পরে স্বজনেরা গোরস্তান থেকে তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নুরুজ্জামান টুকুকে রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।