অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
· Prothom Alo

জনগণের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যাঁরা দেশ ছেড়ে পালিয়েছিলেন, তাঁদের আবার ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশে ফিরে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে এবং প্রতিশোধ নিতে চায়। তাঁদের সেই চেষ্টা জনগণ প্রতিরোধ করবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল হাসান রুবেল এ কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বানে এ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।
Visit newssport.cv for more information.
আবুল হাসান রুবেল বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের মাধ্যমে মানুষের ওপর নির্মম শাসন চালানো হয়েছে। মানুষের কথা বলার ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন জনগণের ওপর প্রতিশোধ নিতে আগুন ও বোমা হামলার পথ বেছে নেওয়া হচ্ছে। তিনি যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর নেতা-কর্মীদের এলাকায় গণপ্রতিরোধ ও গণপাহারা গড়ে তুলে মানুষের জানমাল রক্ষার আহ্বান জানান।
সমাবেশে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, দুই বছর আগে শিশুদের হত্যা, হেলিকপ্টার থেকে গুলি এবং ১৭ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনা মানুষ ভুলে যায়নি। জনগণ শুধু সরকারের পতন নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল।
অন্য বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার আর কেড়ে নেওয়া যাবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিহত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, রাজনৈতিক শিক্ষা সম্পাদক তারিকুল ইসলাম, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান প্রমুখ।