শিক্ষাবঞ্চিত চাতালশিশুদের নিয়ে নাটিকা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী
· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ায় একসময় তিন শতাধিক চাতাল মিল ছিল। আধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় রাইস মিলের কারণে এগুলো কমেছে। চাতাল মিলে শ্রমিকদের শিশুরাও কাজ করে। শিশুশ্রম এখনো বন্ধ হয়নি। আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত এখানকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতালের শিশুদের শিক্ষাবঞ্চিত হওয়ার বিষয়টি উঠে এল প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চায়িত নাটিকায়।
Visit syntagm.co.za for more information.
‘চাতালশিশুদের শিক্ষা অধিকার, করুণা নয়’ শিরোনামে সচেতনতামূলক এই নাটিকার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি নাটক, নৃত্য, কবিতা আবৃত্তি ও গানের আয়োজনও ছিল। ১৬ নভেম্বর বিকেলে জেলা শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার ও প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
পরে মিলনায়তনে আশুগঞ্জ উপজেলার চাতাল মিলে বসবাসরত শ্রমিকদের শিশুদের শিক্ষাবঞ্চিত হওয়ার বিষয়টি তুলে ধরে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশিত হয়। মঞ্চে ধান ছড়িয়ে রোদে শুকানো, একসঙ্গে নারী ও পুরুষ শ্রমিকের কাজ করা, শিশুদের কাজ করাসহ চাতাল মিলের পরিবেশ তৈরি করা হয়।
চাতাল মিলের সর্দার করিম মিয়ার চরিত্রে সহসাংগঠনিক সম্পাদক আল মামুন শুভ, সর্দারের স্ত্রী সর্দারনি রহিমার চরিত্রে অর্থ সম্পাদক আফসানা নিশাত, আরেক নারী চাতালশ্রমিকের চরিত্রে যুগ্ম সাধারণ সম্পাদক আলিয়া মাহবুব, সর্দার ও সর্দারনির শিশুসন্তান জমিলার ভূমিকায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাহমিদা হক এবং আরেক শিশুসন্তান ময়নার দৃশ্য ফুটিয়ে তোলেন বন্ধু মারজিয়া জাহান। মিলমালিকের চরিত্রে অভিনয় করেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান।
মঞ্চে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চাতালের শিশু হিসেবে উপস্থিত ছিল। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বন্ধুসভার সহসভাপতি শারমীন আক্তার ও সহকারী শিক্ষক হিসেবে দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কৃষ্ণ মৈশান, সাংবাদিক চরিত্রে বন্ধু তাসফিয়া তাওহীদ, বন্ধুসভার সদস্য হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া হক ও সাংস্কৃতিক সম্পাদক নাজরিন আক্তার অভিনয় করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।নাটিকায় চাতালশ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার অধিকার, তাদের পড়াশোনার প্রতিবন্ধকতা এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরির বিষয়গুলো তুলে ধরা হয়। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়। ‘চাতালশিশুদের শিক্ষা অধিকার, করুণা নয়’ বার্তায় নাটিকার সমাপ্তি ঘটে।
নাটিকাটি রচনা করেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন এবং নির্দেশনা দেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়া।
পরে মিলনায়তনের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বন্ধুসভার সদস্য ফৌজিয়া হক ও নাজরিন আক্তার কবিতা আবৃত্তি করেন। সম্প্রতি জাপান ও ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে নৃত্য পরিবেশন করা আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিমা বণিক ও তিলোত্তমা সরকার নৃত্য পরিবেশন করে। এ ছাড়া গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে চলে অতিথিদের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য। বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার এ এস এম শফিকুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আল আমিন, গভ. মডেল গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফ, নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রাইম আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সোপানুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হারুন অর রশিদ, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক (অর্থ) আনোয়ার হোসেন ও সহকারী অধ্যাপক সাবেকুন্নাহার রীমা, চিনাইর ডিগ্রি কলেজের প্রভাষক আজহারুল ইসলাম এবং নদী রক্ষার সংগঠন তরী বাংলাদেশের সভাপতি শামীম আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক ও প্রভাষক অভিজিৎ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শম্পা আক্তার, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন প্রমুখ।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু শাহজাহান মিয়া, ফৌজিয়া হক ও নাজরীন আক্তার।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘প্রথম আলো একটি প্রতিষ্ঠান। পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্য ধরে রেখেছে। কোনো পক্ষের হয়ে নয়, সাধারণ মানুষের পক্ষে কথা বলে প্রথম আলো। সত্য প্রকাশের আদর্শ ধরে রাখার কারণেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে নানা ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ছে। তবে প্রকৃত সত্য জানতে মানুষের আস্থা প্রথম আলোর ওপর। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর পরিবেশনা অন্যদের চেয়ে আলাদা।’
অন্য বক্তারা বলেন, ভুল হলে ‘স্যরি’ বলার মানসিকতা প্রথম আলো দেখিয়েছে, যা ইতিবাচক দৃষ্টান্ত। প্রথম আলো সব সময় অন্যায় ও অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং প্রয়োজন অনুযায়ী ভুল স্বীকারও করেছে। সব মানুষ সব বিষয়ে একমত হবেন, এমনটি নয়; মতের ভিন্নতাই বাস্তবতা। অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রথম আলোর ভূমিকা রয়েছে। একটি গণমাধ্যম সমাজের জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, ২৮ বছরের পথচলায় প্রথম আলো তা দেখিয়েছে।
সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা