যেভাবে কালো রঙের ‘গিয়ার চাকতি’ থেকে বেরিয়ে এল ৫ কোটি টাকার সোনা

· Prothom Alo

দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, এগুলো আসলে স্বর্ণের তৈরি। চট্টগ্রামের হাজারী গলি থেকে এসব চাকতি নিয়ে ঢাকার তাঁতীবাজারে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে পুলিশের তল্লাশিচৌকি এড়াতে বাস থেকে নেমে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় ধরা পড়েন। পরে কালো রং পরিষ্কার করতেই বেরিয়ে আসে আসল রহস্য। গাড়ির গিয়ারের আদলে তৈরি চাকতি দুটি আসলে সোনার।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম সুধীর কুমার ধর (৪১)। তাঁর কাছ থেকে উদ্ধার করা দুটি সোনার চাকতির ওজন ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

Visit afsport.lat for more information.

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, সুধীরের শপিং ব্যাগে গাড়ির গিয়ারের মতো দেখতে দুটি বস্তু পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এগুলো গাড়ির যন্ত্রাংশ বলে দাবি করেন। তবে তাঁর কাছে বস্তু দুটি ঢাকায় নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বস্তু দুটি আসলে সোনা গলিয়ে গিয়ারের আদলে তৈরি করা হয়েছে। সহজে শনাক্ত হওয়া ঠেকাতে সেগুলোর ওপর কালো রং করা হয়েছিল।

সোনার চাকতিসহ গ্রেপ্তার ব্যক্তি

ওসি নাজের হোসাইন আরও বলেন, কালো রং পরিষ্কার করার পর বস্তু দুটি সোনা বলে নিশ্চিত হওয়া যায়। পরে সেগুলো হাজারী গলিতে নিয়ে পরীক্ষা ও ওজন করা হয়। জিজ্ঞাসাবাদে সুধীর জানান, হাজারী গলির এক ব্যবসায়ী তাঁকে সোনাগুলো ঢাকার তাঁতীবাজারে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন। সেখানে এক ব্যবসায়ীর কাছে এ সোনা বিক্রির কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

পুলিশের ভাষ্য, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা চোরাই সোনা গলিয়ে গিয়ারের মতো আকৃতি দেওয়া হয়েছিল। পরে কালো রং করে সেগুলো গাড়ির যন্ত্রাংশ হিসেবে চালিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়। উদ্ধার করা সোনার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সুধীর।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুধীরের সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা সোনার উৎস এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আকবর শাহ থানায় মামলা হয়েছে।

Read full story at source