ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা
· Prothom Alo

রংপুর নগরীতে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে উল্টে পড়লে চাপা পড়ে ওই ঘরের ঘুমন্ত অবস্থায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা।
আজ শুক্রবার ভোর চারটার দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসলিমা আক্তার (১১)। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম (২৬) গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় পিন্টু মিয়ার স্ত্রী।
Visit asg-reflektory.pl for more information.
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকচালক মেহেদী হাসান (৩১) ও চালকের সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করে পুলিশে দিয়েছেন। ট্রাকচালক মেহেদী হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার মোসলিমপুর গ্রামে। তাঁর সহকারী শ্রাবণ রংপুর নগরের হাজিরহাট থানার রাধাকৃষ্ণপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক ও চালকের সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঘরের ওপর উল্টেপড়া বালুবোঝাই ট্রাকটিকে উদ্ধার করা হচ্ছেকোতোয়ালি থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের সাতমাথা এলাকা থেকে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নগরীর ভেতরে দ্রুতগতিতে ঢোকার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টিনের চালার ঘরের ওপরে ওল্টে পড়ে। এতে চাপা পড়েন ঘরে ঘুমিয়ে থাকা ওই শিশু ও তার মা। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে গুরুতর আহত অবস্থায় মা আশা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেশী মোখলেছুর রহমান বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে বাইরে বের হয়ে দেখতে পাই একটি ট্রাক কাঁচা ঘরের ওপরে উল্টে পড়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর পরেই আসে ফায়ার সার্ভিসের সদস্যারা। ট্রাকের নিচে চাপা পড়া শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় শিশুর মাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’