অরণ্যের অন্তরালে এক জলকাব্য: বান্দরবানের তারতে সাইতারের পথে

· Prothom Alo

পিচ্ছিল পাহাড়, জোঁকের কামড়, অচেনা অরণ্যের ভয়—সব পেরিয়ে এক জলপ্রপাতের কাছে পৌঁছানোর গল্প এটি। যেখানে ক্লান্তি হার মানে প্রকৃতির মায়ায়, আর অচেনা মানুষও হয়ে ওঠে আপনজন।

পর্ব ২

Visit saltysenoritaaz.org for more information.

পাথুরে ঝিরি, পিচ্ছিল পাহাড়, জোঁকের উৎপাত আর অচেনা অরণ্যের গোলকধাঁধা পেরিয়ে এক বুনো জলপ্রপাতের সন্ধানে আমাদের যাত্রা। এ অভিযানে পথ যতটা কঠিন ছিল, প্রকৃতির সৌন্দর্য ছিল তার চেয়েও বেশি মায়াবী। ক্লান্তি, ভয় আর আনন্দের মিশেলে একসময় অচেনা মানুষগুলোও হয়ে উঠেছিল ভ্রমণের আপনজন।

কোন শিল্পী যেন এঁকেছেন নিজের হাতে

বান্দরবান নামটির পেছনেও রয়েছে একটি মজার লোককথা। কথিত আছে, একসময় এ অঞ্চলে প্রচুর বানরের বসবাস ছিল। একদিন প্রবল বৃষ্টিতে ছড়ার পানি বেড়ে গেলে বানরের দল একে অপরকে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়েছিল। মারমা ভাষায় ‘ম্যাতাক’ অর্থ বানর আর ‘ছি’ অর্থ বাঁশ। সেই ‘ম্যাতাকছি’ থেকেই কালক্রমে বান্দরবান নামের প্রচলন হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। মারমা ভাষায় অঞ্চলটির আরেকটি পরিচিত নাম ‘রদ ক্যওচি প্রো’।

পাহাড়ের এমন সব গল্পের সঙ্গে পরিচিত হতে হতেই এগিয়ে চলছিল আমাদের অভিযান। প্রতিটি পাড়া যেন একেকটি জীবন্ত ইতিহাস। পাহাড়ের ঢালে বাঁশ ও কাঠের ছোট ছোট ঘর, চারপাশে সবুজের সমারোহ আর মানুষের সহজ জীবনযাপন প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়।

পাড়াগুলো দারুণ সুন্দর

আমাদের সার্কিট অভিযানের বেসক্যাম্প ছিল থাইক্ষ্যং পাড়া। সেখানে টানা তিন দিন অবস্থান করেছি। আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চলে রয়েছে বাকত্লাই, জাদিপাই, ফাইপি, ত্লাবং বা ডাবল ফলস এবং তারপি–তারতে সাইতারের মতো অসংখ্য বুনো ঝর্ণা। সাধারণ পর্যটকদের কাছে বাকলাই নামে পরিচিত জায়গাটির প্রকৃত নাম বাকত্লাই পাড়া। প্রাচীন বম আদিবাসীদের দেওয়া এই জনপদের নামেই জায়গাটি পরিচিত। একসময় স্থানীয় শিকারি ও জুমচাষিদের পরিচিতির মধ্যেই সীমাবদ্ধ ছিল এখানকার জলধারা ও পাহাড়ি সৌন্দর্য। পরে পাহাড়প্রেমী অভিযাত্রীদের হাত ধরে এর খবর ছড়িয়ে পড়ে ভ্রমণপিপাসুদের কাছে।

অরণ্যের পথে এক সকাল

জুম ঘর থেকে দেখা প্রকৃতি

আগের দিনের দীর্ঘ ট্রেকিংয়ে শরীর বেশ ক্লান্ত ছিল। তবু সকাল সাড়ে সাতটার দিকে সবাই ঘুম থেকে উঠে পড়লাম। আগের রাতে অন্ধকারে পাড়াটিকে ভালো করে দেখা হয়নি। সকালের আলোয় চারপাশে তাকিয়ে মনে হলো, কোনো চিত্রশিল্পী নিপুণ হাতে পাহাড়ের বুকজুড়ে সবুজের নানা রং ছড়িয়ে দিয়েছেন। মনে হচ্ছিল, যেদিকেই ক্যামেরা তাক করি, সেদিকেই তৈরি হয়ে যাবে একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক দৃশ্য।

নাশতায় ছিল নরম খিচুড়ি, সেদ্ধ ডিম আর পেঁয়াজ-মরিচের সঙ্গে সরিষার তেলে মাখানো চিংড়ির বালাচাও। রান্নার দায়িত্বে ছিল সিয়াম। দুর্গম পাহাড়ে এমন সাধারণ খাবারও কখনও রাজকীয় ভোজের আনন্দ দেয়। নাশতা শেষে রওনা হলাম তারপি–তারতে সাইতারের উদ্দেশে।

প্রকৃতি এখানে অপার

শুরুতেই আকরাম ভাই সতর্ক করে দিলেন, পথ সহজ নয়। মনে করিয়ে দিলেন করোনার আগের সময়ে রেমাক্রির লিক্ষ্যং ঝর্ণায় আমাদের রোমাঞ্চকর অভিযানের কথা। তাঁর পরামর্শ, তারতে ও তারপি সাইতার দেখে সময় ও পরিস্থিতি অনুকূলে থাকলে ফাইপি ঝর্ণাও দেখার চেষ্টা করা যাবে।

প্রায় ৪৫ মিনিট হাঁটার পর পৌঁছালাম স্বচ্ছ পানির একটি সুন্দর ঝিরির কাছে। ঝিরির বয়ে চলা জলধারা যেন পাহাড়ের নিজস্ব সুর। এখান থেকেই শুরু হলো বিখ্যাত মাঙ্কি ট্রেইল।

মাঙ্কি ট্রেইল: সৌন্দর্যের সঙ্গে লড়াই

ট্রেকিংয়ের উচ্চতাভেদে রয়েছে লো অল্টিটিউড বা নিম্ন উচ্চতার ট্রেকিং এবং হাই অল্টিটিউড বা অতি উচ্চতার ট্রেকিং। আড়াই হাজার মিটারের নিচের ট্রেকগুলো লো অল্টিটিউডের অন্তর্ভুক্ত। বাংলাদেশের পরিচিত পাহাড়ি ট্রেইলগুলোর বেশির ভাগই এই শ্রেণির। তবে উচ্চতা কম হলেই পথ সহজ হবে, এমন নয়। মাঙ্কি ট্রেইল তার প্রকৃষ্ট উদাহরণ।

একটু পা হড়কে গেলেই বিপদ

চারদিকে ঘন বাঁশঝাড়, কোথাও খাড়া ঢাল, কোথাও পিচ্ছিল মাটি, আবার কোথাও পাহাড়ের গায়ে আঁকড়ে থাকা গাছের শিকড়। সবচেয়ে বড় বাধা বিশাল সব পাথরের চাই। পানি ও শ্যাওলায় পাথরগুলো এতটাই পিচ্ছিল যে সামান্য পা হড়কালেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও ঝিরির এক পাশে পানি, অন্য পাশে খাড়া পাথুরে দেয়াল। দেয়াল ঘেঁষে পা রাখার সরু জায়গা ধরে এগোতে হয়। কখনো বাঁশ ধরে, কখনো ছুরি দিয়ে কেটে তৈরি করা ধাপে পা রেখে, আবার কখনো সহযাত্রীর কাঁধ কিংবা হাতের ওপর ভর দিয়ে পেরোতে হয়েছে বিশাল পাথর।

তবু এই দুর্গমতার মধ্যেও প্রকৃতির মায়া কম ছিল না। কখনো মনে হচ্ছিল, বিভূতিভূষণের ‘আরণ্যক’ কিংবা ‘পথের পাঁচালী’র কোনো পাতা থেকে উঠে আসা অরণ্যের ভেতর দিয়ে হাঁটছি। আবার কখনো মনে হচ্ছিল, পালামৌ কিংবা অনিমেষের স্বর্গছেঁড়া কল্পনার কোনো অচেনা ভূখণ্ডে এসে পড়েছি।

অরণ্যে আরণ্যক

একটি ঝিরির পাশে বিরতি নিতে গিয়ে চোখে পড়ল কয়েকটি হলুদ প্রজাপতি। স্বচ্ছ পানির ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল তারা। দৃশ্যটি দেখে মনে হলো, জীবনের সমস্ত ব্যস্ততা ছেড়ে কোনো এক ঝিরির জলে পা ডুবিয়ে বসে থাকা, আর চোখের সামনে এমন প্রজাপতির উড়ে বেড়ানো—জীবনের প্রাপ্তি বুঝি এতটুকুই!

সবাইকে নিয়ে সেলফি তুলছেন লেখক

কিন্তু অরণ্যের সৌন্দর্য উপভোগের পাশাপাশি চলছিল কঠিন পরীক্ষা। আগের রাতের বৃষ্টিতে পথ আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। আকরাম ভাই বারবার সাবধান করছিলেন। কোথাও পা পিছলে গেলে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। কোনো কোনো অংশে দড়ি ছাড়া ওঠানামা করাও প্রায় অসম্ভব।

এর মধ্যে শুরু হলো জোঁকের উৎপাত। বাঁশের পাতা, ডাল ও শিকড়ে যেন অসংখ্য জোঁক অপেক্ষা করছিল। ঘাড়, পিঠ, মাথা, হাত কিংবা পা—কেউই রেহাই পাচ্ছিল না। পাহাড়ে হাঁটতে হাঁটতে ঘাম তো ঝরছিলই, সেদিন তার সঙ্গে রক্তও ঝরল। বাঁশের শিকড়ে লেগে হাত কেটে গেল। কাদায় ট্রেকিং স্যান্ডেল আরও পিচ্ছিল হয়ে উঠেছিল।

ঝিরির ধারে লেখক

একবার পা পিছলে পড়ে গিয়ে বাঁশ ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সেটিও মাটি থেকে উপড়ে এল! শেষ মুহূর্তে অন্য একটি গাছের ডাল ধরে নিজেকে সামলে নিলাম।
তখন আর ছবি তোলার কথা মনে হচ্ছিল না। মুঠোফোন ব্যাগে ঢুকিয়ে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিতে হচ্ছিল। পাহাড়ের কাছে মানুষের আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কতারও যে কতটা প্রয়োজন, তা সেদিন বেশ ভালোভাবেই বুঝেছি।

ঝিরির পাশে কফি, অরণ্যে গানের আসর

দীর্ঘ পথ পেরিয়ে নিচে নামতেই আবার একটি ঝিরির দেখা পেলাম। দলের কয়েকজন আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। গিয়ে দেখি, সিয়াম তার হাইকিং গ্যাসের চুলায় কফি বসিয়েছে। পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঠান্ডা পানির পাশে এক কাপ গরম কফি—ক্লান্ত শরীরে যেন নতুন প্রাণ ফিরে এলো।

এর মধ্যেই বাণী আপু তাঁর মিষ্টি কণ্ঠে গান ধরলেন। গলা মেলালেন রুশমিলা, স্বর্ণালী, রাজু ভাই, সোহেল, আকরাম ভাই, অর্পণ দাদা, সিয়াম, উজ্জ্বল ভাই, ইসমাইল ভাইসহ সবাই। শুরু হলো ওয়ারফেজের ‘পূর্ণতা’।

গান গেয়ে ক্লান্তি ভোলার চেষ্টা

অরণ্যের নিস্তব্ধতার মধ্যে একদল মানুষের সম্মিলিত কণ্ঠে গান অন্য রকম আবহ তৈরি করেছিল। মনে হচ্ছিল, এই পূর্ণতার জন্য কোনো প্রেয়সীর প্রয়োজন নেই, এই অরণ্যই যেন এক অপার্থিব প্রেম, এই পাহাড়ই যেন সেই চিরকাঙ্ক্ষিত পূর্ণতা। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা যায়, কিন্তু তার অনুভূতি পুরোপুরি ধরে রাখা যায় না। ঝিরির পাশে গাওয়া সেই গানটি মস্তিষ্কের নিউরনে সুখস্মৃতি হয়ে থাকবে বহুদিন।

এটাই ছিল শেষ বিরতি। আরও কিছুদূর এগিয়ে একটি খাড়া খাদ বেয়ে নিচে নামতেই সামনে দেখা দিল তারতে সাইতার। জলে হাত রাখতেই আমাকে স্বাগত জানালো এখানকার আদি বাসিন্দা চীনে জোক। তাঁকে ঝেড়ে ফেলেই ফেলেই গেলাম ঝর্নার দিকে এগিয়ে গেলাম।

তারতে সাইতার: অরণ্যের বুকের জলকাব্য

তারতে ঝরনা

এতক্ষণের ক্লান্তি, ভয় আর পথের কষ্ট যেন এক মুহূর্তে থমকে গেল। স্থানীয় ভাষায় ‘তারতে’ অর্থ বুড়ি, ‘তারপি’ অর্থ বুড়া আর ‘সাইতার’ অর্থ ঝর্ণা। নাম শুনে মনে হয়, তারতে ও তারপি যেন পাহাড়ের দুই প্রবীণ জলপ্রপাত। অথচ তারতে সাইতারের সামনে দাঁড়িয়ে আমার মনে হলো, এ তো যৌবনে টইটম্বুর এক জলধারা!

অনেক উঁচু থেকে নেমে আসা পানি প্রবল বেগে পাথরের গায়ে আছড়ে পড়ছিল। চারপাশ মুখরিত হচ্ছিল তার অবিরাম শব্দে। পানির ছিটে এসে লাগছিল শরীরে। দীর্ঘ পথের ক্লান্তি ভুলিয়ে দেওয়া সেই শীতল স্পর্শে মনে হলো, এতক্ষণকার সব কষ্ট বুঝি সার্থক।

প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছে এই জলপ্রপাত

ঝর্ণার সামনে বিশাল একটি পাথরের বোল্ডার। সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিল সবাই। আমাদের দলের মেয়েরাও সঙ্গে করে শাড়ি এনেছিল। ঝর্ণার সামনে শাড়ি পরে ছবি তোলার চল এখন বেশ জনপ্রিয়। আমার কাছে বিষয়টি ইতিবাচকই মনে হয়। পাহাড়ের বুনো সৌন্দর্য, জলধারা আর শাড়ির চিরায়ত সৌন্দর্য মিলিয়ে তৈরি হয় ভিন্ন এক দৃশ্য।
এত গভীরে প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছে এই জলপ্রপাত। নেই কোনো প্রবেশদ্বার, পর্যটকদের ভিড় কিংবা দোকানপাট। আছে শুধু পাহাড়, অরণ্য, পাথর আর অবিরাম জলধারা।

তারতে সাইতারের ওপরের দিকে রয়েছে তারপি ঝর্ণা। তবে সেখানে যাওয়ার পথ বেশ কঠিন। পাথর ও দড়িতে ভর করে উঠতে হয়। আকরাম ভাই বললেন, ‘আপু, আপনার না যাওয়াই ভালো। মাঝপথে আটকে গেলে আপনাকে নামানোও বিপদ হবে।’ শেষ পর্যন্ত নিজের সক্ষমতা ও ঝুঁকির কথা ভেবে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

তারপি ঝরনা

মনের মধ্যে খানিকটা অতৃপ্তি রয়ে গেল। এত দূর এসে ওপরের ঝর্ণাটি দেখা হলো না! মনে মনে ঠিক করলাম, কোনো একদিন আবার ফিরতে হবে। আপাতত তারতে সাইতারের নিচেই বসে রইলাম। মনে হচ্ছিল, এখানেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। আগের রাতে পথের ক্লান্তিতে যেখানে ঝর্ণা না দেখেই ফিরে যেতে ইচ্ছে করছিল, সেখানে আজ এই সৌন্দর্যই নতুন করে পথ চলার শক্তি জোগাচ্ছে। মানুষের মন বোধ হয় এমনই—ক্লান্তি তাকে পরাজিত করে, সৌন্দর্য আবার জাগিয়ে তোলে।

আকরাম ভাই আমার ও রুশমিলার বেশ কিছু ছবি ও ভিডিও করে দিচ্ছিলেন। আমার টিমজ মেটদের কাছ থেকে তারপির ছবি ভিডিও দেখে মনে হলো সীতাকুণ্ডের নাপিত্তাছড়া ঝর্ণার যেন এক বিশাল সংস্করণ এই তারপি সাইতার। তবু তার নিজস্ব সৌন্দর্য আর নির্জনতা একে দিয়েছে আলাদা পরিচয়।

ঘড়িতে তখন বিকেল সাড়ে তিনটা। ফিরতে হবে থাইক্ষ্যং পাড়ায়। পাহাড়ে সন্ধ্যা নামে দ্রুত, তাই পিচ্ছিল পথ ধরে ফেরার চিন্তা কিছুটা ভয়ও জাগাচ্ছিল।
ফেরার পথে অচেনা মানুষেরা আপন হয়ে ওঠে

প্রকৃতির সৌন্দর্য উপভোগের সময় যত দ্রুত কেটে যায়, ফেরার পথ যেন তার চেয়ে অনেক দীর্ঘ। যে বাঁশঝাড়, খাড়া পাহাড় আর পিচ্ছিল পথ পেরিয়ে এসেছি, এবার সেই পথেই ফিরতে হবে। শরীর ক্লান্ত, সামনে আরও এক দফা চড়াই।

অন্যদের তুলনায় আমি একটু বেশিই সময় নিচ্ছিলাম। অর্পণ দাদা ও আকরাম ভাই প্রায় সব সময় আমার সঙ্গে ছিলেন। একবার পথ হারিয়েও ফেললাম। হঠাৎ মনে পড়ে গেল ২০১৯ সালের আলীকদমের দামতুয়া ঝর্ণায় পথ হারানোর দুঃসহ স্মৃতি। শেষ পর্যন্ত অবশ্য পথ খুঁজে পাওয়া গেল। ঝিরির শেষ প্রান্তে গিয়ে দেখি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।

কফির বিরতি শেষে আবার খাড়া পাহাড় বেয়ে ওপরে ওঠা। আকরাম ভাই একটি দল নিয়ে এগিয়ে গেলেন। আমরা ছয়জন সিয়ামের সঙ্গে রওনা হলাম। পুরো খাড়া পথজুড়ে সিয়াম যেভাবে আমার হাত ধরে টেনে, কখনো ভর দিয়ে, কখনো সাহস জুগিয়ে পার করাল, তাতে মনে হচ্ছিল, এই বাচ্চা ছেলেটিই যেন বাস্তব জীবনের বেয়ার গ্রিলস! তার সহযোগিতায় মাত্র ৪০ মিনিটে সামনের দলটিকে ধরে ফেললাম।

একটি ঝুমঘরে তখন জমে উঠেছে জোছনার আলোয় আড্ডা। বিরতি শেষে আবার পাড়ার উদ্দেশে যাত্রা। পথের মাঝখানে একটি খাড়া ঢালে বসে পড়লাম সবাই। সাপ-পোকামাকড়ের ভয়, পিচ্ছিল পথের দুশ্চিন্তা—সব ভুলে তখন শুধু গল্প আর গান। ভ্রমণ যে অচেনা মানুষকে বন্ধু বানিয়ে দেয়, সেদিন আবারও উপলব্ধি করলাম।

জুম ঘরের প্রশান্তি হৃদয় জুড়ায়

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাড়ায় ফিরলাম। ঘামে ভেজা, পরিশ্রান্ত শরীর নিয়ে মাচাঘরে বসে পড়লাম। একটি চাপকলই ছিল সবার গোসল ও প্রয়োজনীয় কাজের ভরসা। পর্যটকদের ভিড় দেখে সেদিন আর গোসলের চেষ্টা করলাম না। হাত-মুখ ধুয়েই কাজ চালাতে হলো।

এর মধ্যেই সুখবর এলো, রাতের খাবারে পাহাড়ি হাঁসের ভুনা! হাঁস সেদ্ধ হতে সময় লাগবে বলে খাওয়ার আয়োজন একটু দেরিতে হবে। সেই অবসরে জমে উঠল চায়ের আড্ডা। অন্য দলের পর্যটকদের সঙ্গেও পরিচয় হলো, গল্প হলো।

পাহাড়ি হাঁসের ভুনা, ঘন ডাল আর ভাত।

অবশেষে রাত বারোটায় এলো আকরাম ভাইয়ের রান্না করা পাহাড়ি হাঁসের ভুনা, ঘন ডাল আর ভাত। দীর্ঘ পথচলার পর এমন খাবার যেন অমৃত। খাওয়া শেষ করেও তৃপ্তি হলো না, হাঁসের ঝোল দিয়ে আরেক দফা মুড়ি মাখানো হলো। জীবনে আর কী লাগে!
পরদিন আবার নতুন অভিযান। যেতে হবে ফেসবুকে জনপ্রিয় ত্লাবং বা ডাবল ফলস এবং ঝর্ণার রানী বলে পরিচিত জাদিপাইয়ে। শুনেছি, সামনের পথ হবে আরও কঠিন।

শরীর তখন বিশ্রাম চাইছে, অথচ মন অপেক্ষা করছে নতুন অজানার। পাহাড়ের মায়া বোধ হয় এমনই। এক দিনের ক্লান্তি শেষ হতে না হতেই আরেক দিনের অভিযানের স্বপ্ন জেগে ওঠে। ঘুমিয়ে পড়লাম আরেকটি ভয়ংকর সুন্দর দিনের অপেক্ষায়। সেই গল্প তোল থাক পরের পর্বের জন্য।
ছবি: লেখক

Read full story at source