জার্মানির সংসদ ভবনের সামনে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা, তীব্র প্রতিক্রিয়া

· Prothom Alo

জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গতকাল রোববার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় জার্মানির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটির কড়া প্রতিবাদ জানিয়েছেন জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট।

জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ টেলিভিশনের প্রতিবেদন ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনই জার্মান নাগরিক। তাঁদের মধ্যে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাঁকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। অপর এক ২০ বছর বয়সী সহযোগীকে পরে ছেড়ে দিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ৩২ বছর বয়সী আরেক ব্যক্তিকেও এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

Visit aportal.club for more information.

পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ ঘটনাটির তদন্ত শুরু করেছে। রাষ্ট্র ও তার প্রতীক অবমাননা, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তির ক্ষতিসাধন, বার্লিনের সমাবেশসংক্রান্ত আইন লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের সন্দেহে এই তদন্ত চলছে। পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বার্লিন শহরের কেন্দ্রে সংসদ ভবনের সামনে প্লাৎস দ্য রিপাবলিক চত্বরে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২২ বছর বয়সী এক ব্যক্তি রাইখস্টাগ ভবনের সামনে থাকা প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ড বেয়ে ওপরে ওঠেন। এরপর তিনি জার্মানির জাতীয় পতাকা নামিয়ে মাটিতে ফেলে দেন এবং সেখানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ২০ ও ৩২ বছর বয়সী অপর দুজন এই কাজে সহযোগিতা করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে ফিলিস্তিনের পতাকাটি নামিয়ে ফেলেন। তবে পতাকাদণ্ডের দড়ি ওঠানো-নামানোর ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে জার্মানির জাতীয় পতাকা আবার উত্তোলন করা সম্ভব হয়নি।

ঘটনার প্রতিক্রিয়ায় জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার জার্মান সংবাদমাধ্যমগুলোকে দেওয়া বক্তব্যে বলেছেন, ‘জার্মান বুন্ডেস্টাগের আরও বেশি নিরাপত্তা প্রয়োজন।’ তিনি বলেন, পার্লামেন্ট ভবনে এ ধরনের ঘটনা ঘটতে পারে, তা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না। তাঁর ভাষ্য, পার্লামেন্ট যেন কোনো ধরনের অ্যাকটিভিজমের প্রদর্শনস্থলে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে। পার্লামেন্টের নিরাপত্তার ক্ষেত্রে রাইখস্টাগ ভবনের আশপাশের এলাকাও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বার্লিন রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘এটি যে বামপন্থী বিশৃঙ্খলাকারীদের পরিকল্পিত কর্মকাণ্ড, তা স্পষ্ট।’ সংবাদপত্রে দেওয়া বক্তব্যে তিনি ঘটনাটিকে একটি ‘চরম অসম্মানজনক কর্মকাণ্ড’ আখ্যায়িত করেন।

এদিকে রোববার সকালে ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি অ্যাকটিভিস্ট গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেছে। তারা তাদের অনলাইন বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের মানুষের প্রতি নাগরিক সমাজের সংহতি প্রকাশ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রাইখস্টাগ ভবনের সামনে সাধারণত জার্মানির ঐক্যের প্রতীক হিসেবে দেশটির জাতীয় পতাকা সব সময় উত্তোলন অবস্থায় থাকে।

Read full story at source