রহস্যে ঘেরা ক্যাম্পাস নিয়ে ৫ উপন্যাস
· Prothom Alo

‘ডার্ক অ্যাকাডেমিয়া’ শব্দটি প্রথম শুনে ভেবেছিলাম, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে লেখা রহস্য উপন্যাসের কথা বলা হচ্ছে। ডোনা টার্টের দ্য সিক্রেট হিস্ট্রির মতো বইয়ের কথা না ভেবে আমার মনে এসেছিল লাইব্রেরিতে খুন কিংবা বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনে ঘটে যাওয়া রহস্যময় সব ঘটনার কথা।
ক্যাম্পাসকেন্দ্রিক রহস্য উপন্যাস ডার্ক অ্যাকাডেমিয়া ধারারই একটি অংশ। শরতের ঝরা পাতা, নির্জন ক্যাম্পাস, পুরোনো লাইব্রেরি আর অমীমাংসিত রহস্য—সব মিলিয়ে এ ধরনের বই পড়ার জন্য শরৎকাল বেশ উপযুক্ত।
Visit newsbetting.bond for more information.
এমনই পাঁচটি উপন্যাসের খোঁজ দিয়েছে বইবিষয়ক ওয়েবসাইট বুক রায়ট।
ফারিদাহ আবিকে-ইয়িমিদের এস অব স্পেডস
একটি অভিজাত বেসরকারি স্কুলের শিক্ষার্থী চিয়ামাকা ও ডেভনকে ঘিরে এই উপন্যাসের গল্প। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তাদের ব্যক্তিগত তথ্য পুরো স্কুলে ছড়িয়ে দিতে শুরু করে। এতে দুজনের জীবনই ওলট–পালট হয়ে যায়। নিজেদের সম্মান রক্ষায় ও কে তাদের বিপদে ফেলছে, তা জানতে রহস্যের অনুসন্ধানে নামে।
বর্ণবাদী পরিবেশে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে টিকে থাকার চ্যালেঞ্জের পাশাপাশি তাদের মোকাবিলা করতে হয় নতুন বিপদের। কিশোর বয়সের উচ্চাকাঙ্ক্ষা, পরিচয় ও টানাপোড়েনের বাস্তব চিত্র উঠে এসেছে উপন্যাসটিতে।
লরেন লিং ব্রাউনের সোসাইটি অব লাইস
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠানে ফিরে আসে মায়া; কিন্তু সেখানে গিয়ে জানতে পারে, তার ছোট বোন নাওমি মারা গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে চায় না।
বোনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নিজেই অনুসন্ধান শুরু করে মায়া। একপর্যায়ে সামনে আসে গোপন সংগঠন, বিশ্বাসঘাতকতা আর বহুদিন ধরে চাপা পড়ে থাকা নানা সত্য। রহস্যের জট খুলতে গিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের অন্ধকার দিকের মুখোমুখি হতে হয়।
এলিজাবেথ টমাসের ক্যাথরিন হাউস
ক্যাথরিন হাউস নামের একটি রহস্যময় শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল সেরাদেরই পড়ার সুযোগ দেওয়া হয়। ইনেস সেখানে ভর্তি হয় উন্নত শিক্ষাব্যবস্থার আশায়; কিন্তু প্রতিষ্ঠানের পড়ালেখার ধরন তার প্রত্যাশার চেয়ে একেবারেই আলাদা। সেখানে প্রচলিত শিক্ষার বদলে চলে অনেকটা পরীক্ষামূলক ও স্বাধীন ধারার শিক্ষা।
প্রতিষ্ঠানটিতে যত দিন কাটতে থাকে, ততই এর অন্ধকার দিকগুলো সামনে আসতে শুরু করে। রহস্যময় পরিবেশ আর অস্বাভাবিক অভিজ্ঞতা উপন্যাসটিকে করে তুলেছে আকর্ষণীয়।
ফ্রেয়া মার্সকের বডিস অব ম্যাজিক
জাদুবিদ্যার জগতে গড়ে ওঠা এই উপন্যাসের পটভূমি একটি জাদুবিদ্যাভিত্তিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় স্নাতক হতে যাওয়া শিক্ষার্থী ইসাবেল কডোটের মৃত্যুকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়ে তোলপাড় শুরু হয়। চূড়ান্ত পরীক্ষার দিন সকালে পাঁচ শিক্ষার্থী তাদের নির্ধারিত রোগীর চিকিৎসা করার জায়গার পাশেই ইসাবেলের মরদেহ খুঁজে পায়। এরপর সামনে আসে নানা প্রশ্ন ও রহস্য।
জাদু, চিকিৎসাবিদ্যা আর রহস্যের মিশেলে তৈরি হয়েছে উপন্যাসটির জগৎ।
জেনিস হ্যালেটের দ্য এক্সামিনার
রয়্যাল হেস্টিংস বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া আর্ট কোর্সের প্রধান গেলা নাথানিয়েলের দায়িত্ব শিক্ষার্থীদের পড়ানো এবং বিভাগটির সাফল্য নিশ্চিত করা; কিন্তু ছয় শিক্ষার্থীর বিচিত্র আচরণ ও নানা সমস্যায় তাকে প্রায়ই বিপাকে পড়তে হয়।
এরই মধ্যে একজনের মৃত্যু হলে পরিস্থিতি বদলে যায়। শিক্ষার্থীদের জমা দেওয়া বিভিন্ন অ্যাসাইনমেন্ট নতুন করে খতিয়ে দেখতে শুরু করেন গেলা। কারণ, সেসব কাজের মধ্যেই লুকিয়ে থাকতে পারে ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র, সম্ভাব্য সন্দেহভাজনদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য।
উপন্যাসটির বিশেষত্ব হলো শিক্ষার্থীদের বাড়ির কাজ ও অন্যান্য নথির মধ্য দিয়েই ধীরে ধীরে রহস্যের জট খুলতে থাকে।
ক্যাম্পাসের রহস্য নিয়ে আরও পড়তে চাইলে ডার্ক অ্যাকাডেমিয়া ধারার অন্যান্য উপন্যাসও দেখতে পারেন। আর রহস্যের বদলে প্রেমের গল্প পছন্দ হলে বেছে নিতে পারেন ক্যাম্পাস রোমান্স।