আপনার এআই অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না, বুঝবেন যেভাবে

· Prothom Alo

চ্যাটজিপিটি, ক্লড ও পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টও বর্তমানে হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে পাসওয়ার্ড চুরি বা সাইবার হামলা চালিয়ে কেউ এআই অ্যাকাউন্টে প্রবেশ করলে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ কথোপকথনের তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই নিজের এআই অ্যাকাউন্টে অপরিচিত কোনো যন্ত্র থেকে কেউ প্রবেশ করছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে।

১. চ্যাটজিপিটি

চ্যাটজিপিটি অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকেছে কি না, তা জানতে কম্পিউটারের ব্রাউজারে চ্যাটজিপিটি চালু করতে হবে। এরপর নিচের বাঁ দিকে নিজের নামের ওপর ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচনের পর ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ অপশনে গিয়ে ‘অ্যাকটিভ সেশনস’ নির্বাচন করলেই অ্যাকাউন্ট ব্যবহারের বিস্তারিত তথ্য দেখা যাবে। তালিকায় অপরিচিত কোনো যন্ত্রের নাম থাকলে বুঝতে হবে গোপনে কেউ আপনার এআই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আর তাই ‘লগআউট অল’ অপশন নির্বাচন করে সব যন্ত্র থেকে একসঙ্গে লগআউট করতে হবে। এরপর পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আবার চ্যাটজিপিটি ওয়েবসাইটে প্রবেশ করে ই–মেইল ঠিকানা লিখে ‘ফরগট পাসওয়ার্ড’ নির্বাচন করে ‘কনটিনিউ’ চাপতে হবে। এবার ই–মেইলে আসা ছয় সংখ্যার কোড লগইন পেজে লিখে ‘কনটিনিউ’ চাপলে নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে।

Visit rouesnews.click for more information.

২. ক্লড

ক্লড অ্যাকাউন্টে অপরিচিত কোনো যন্ত্র থেকে প্রবেশ করা হয়েছে কি না, তা জানতে কম্পিউটারের ব্রাউজারে ক্লড চালু করতে হবে। এরপর নিচের বাঁ দিকে নিজের নামের ওপর ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচনের পর ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করলেই ‘অ্যাকটিভ সেশনস’ দেখা যাবে। তালিকায় অপরিচিত কোনো সেশন থাকলে সেটির ওপর মাউস রেখে ডান পাশে থাকা তিনটি উল্লম্ব বিন্দুর আইকনে ক্লিক করে ‘লগআউট’ বা ‘টার্মিনেট’ নির্বাচন করতে হবে। চাইলে ‘লগআউট অব অল ডিভাইসেস’ নির্বাচন করে সব যন্ত্র থেকেও একসঙ্গে লগআউট করা যাবে। এরপর ই–মেইল ঠিকানা ব্যবহার করে ক্লডে আবার লগইন করতে হবে। ক্লডে পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা নেই। তাই পাসওয়ার্ড পরিবর্তনের পরিবর্তে নিয়মিত সন্দেহজনক সেশন বন্ধ করতে হবে।

৩. পারপ্লেক্সিটি

পারপ্লেক্সিটিতে বর্তমানে অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে চালু রয়েছে, তা দেখার সুবিধা নেই। তাই গোপনে কেউ অ্যাকাউন্ট ব্যবহার করছে বলে সন্দেহ হলে সব সক্রিয় সেশন থেকে একসঙ্গে লগআউট করতে হবে। এ জন্য ব্রাউজারে পারপ্লেক্সিটি খুলে নিচের বাঁ দিকে নিজের নামের ওপর ক্লিক করতে হবে। এরপর ‘অল সেটিংস’ নির্বাচন করে ‘সাইন আউট অব অল সেশনস’–এ ক্লিক করার পর ‘কনফার্ম’ নির্বাচন করলেই সব সক্রিয় সেশন থেকে লগআউট হয়ে যাবে। এরপর ই–মেইল ঠিকানা ব্যবহার করে আবার পারপ্লেক্সিটিতে লগইন করতে হবে।

এআই অ্যাকাউন্ট নিরাপদ রাখতে আরও যা করতে হবে

এআই অ্যাকাউন্টে অপরিচিত কোনো যন্ত্রের নাম বা অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম দেখা গেলে বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। দ্রুত সন্দেহজনক সেশন বন্ধ করার পাশাপাশি প্রয়োজন হলে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। একই পাসওয়ার্ড একাধিক অনলাইন সেবায় ব্যবহার করা উচিত নয়। কারণ, একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হলে একই পাসওয়ার্ড ব্যবহার করা অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়তে পারে। তাই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড নিরাপদে রাখার জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পাশাপাশি মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু করলে নিরাপত্তা আরও বাড়বে।

সূত্র: টেকক্রাঞ্চ

Read full story at source