কৃষিঋণে অগ্রাধিকার কার্ডধারী কৃষকদের
· Prothom Alo

বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা কৃষিঋণে অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫ ’-এর আলোকে কার্ডধারীর জন্য ব্যাংকগুলো ১০ টাকার হিসাব খুলবে। এ ছাড়া পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেবে। তবে স্মার্ট কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা এই কর্মসূচির আওতায় ঋণসুবিধা থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও ঋণদাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Visit turconews.click for more information.
এ ছাড়া সম্প্রতি ভারী বৃষ্টিপাতে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাঁদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওরাঞ্চলসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।
গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ৪ বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কৃষক কার্ড বিতরণ করবে সরকার। মৎস্যচাষি ও দুগ্ধখামারিরাও এ কার্ডের সুবিধা পাবেন। এর মাধ্যমে কৃষকদের কাঠামোগত বঞ্চনার অবসান ঘটাতে চায় বিএনপি সরকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে থাকছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সরকারি প্রণোদনা, ন্যায্যমূল্যে সেচসুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বিমাসুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য ও রোগবালাই দমনে পরামর্শ।
এ কার্ডের আওতায় জমির পরিমাণ অনুযায়ী কৃষক সার কিনতে পারবেন। কৃষকের অন্যান্য ভাতা প্রাপ্তির কোনো কার্ড থাকলে সেটা এ কার্ডের অধীনে চলে আসবে। তবে এ কার্ডের মাধ্যমে কোন সুবিধাগুলো কী পদ্ধতিতে দেওয়া হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।