শেরপুরে কলাগাছের ভেলায় খেলছিল দুই শিশু, পরে লাশ উদ্ধার
· Prothom Alo

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো উপজেলার পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।
Visit amunra.help for more information.
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় কলাগাছ দিয়ে তৈরি ভেলায় খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর লাশ গতকাল বিকেলেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।