সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ চলছে

· Prothom Alo

দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে (২০২৬–২৭) আজ বুধবার প্রথম দিনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

Visit mwafrika.life for more information.

তফসিল অনুসারে, আজ ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি।

নির্বাচন সাব–কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকে সমিতি প্রাঙ্গণে প্রার্থীর সমর্থক আইনজীবীদের ভিড় ও লম্বা লাইন দেখা যায়। নীল, সবুজ ও লাল-সবুজ ক্যাপ পরিহিত সমর্থকেরা লাইনে দাঁড়িয়ে আগত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তাঁদের আগত ভোটারদের হাতে নিজ নিজ প্যানেল ও প্রার্থীদের ব্যালট নম্বরসংবলিত কার্ড তুলে দিতেও দেখা যায়।

এর আগে গত ২ এপ্রিল এক নোটিশে সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এক বছর মেয়াদের এই সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো একজন সভাপতি, দুজন সহসভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক ও সাতজন সদস্য। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী হয়েছেন।

সমিতির এই নির্বাচনকে নির্দলীয় বলা হয়। তবে দৃশ্যত রাজনৈতিক দলের সমর্থক আইনজীবীদের থেকে মনোনীত প্রার্থীদের প্যানেলের আদলে নির্বাচন হয়ে থাকে। বিগত সময়ে সমিতির নির্বাচনে বরাবরই বিএনপিপন্থী (নীল হিসেবে পরিচিত) এবং আওয়ামী লীগপন্থী (সাদা হিসেবে পরিচিত) আইনজীবী প্যানেলের মনোনীত প্রার্থীদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতো।

অবশ্য গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভা (ইজিএম) হয়। সেখানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ওই সভায় উপস্থিত তিনজন আইনজীবী।

সমিতির ইতিহাসে প্রথমবারের মতো এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা (সাদা প্যানেল) নির্বাচনে লড়তে পারছেন না। তবে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আইনজীবীদের সবুজ প্যানেল (আইনজীবী ঐক্য প্যানেল) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স মনোনীত প্যানেলের (লাল-সবুজ প্যানেল) প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। নীল ও সবুজ প্যানেল থেকে ১৪টি পদে প্রার্থী দেওয়া হয়েছে। লাল-সবুজ প্যানেল ছয়টি পদে প্রার্থী দিয়েছে। এই তিন প্যানেলের বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭। ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৪০ জন প্রার্থী হয়েছেন।

Read full story at source