জলাবদ্ধতায় জিম্মি জনজীবন
· Prothom Alo
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক ও অকার্যকর পয়োনিষ্কাশনব্যবস্থার (ড্রেনেজ) কাছে জিম্মি শামীমবাগ, শহীদ নগর, মুন্সিবাগ, আদর্শনগর, নূরবাগ ও শাহীবাজার এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক ডুবে যায়। নোংরা পানির কারণে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা।
এলাকাবাসীর অভিযোগ, এসব এলাকার কিছু অংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং কিছু অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন। এই সীমানা জটিলতায় কোনো সংস্থাই কার্যকর দায়িত্ব নিচ্ছে না। ফলে বছরের পর বছর ধরে চলা এ সমস্যার স্থায়ী সমাধানও মিলছে না। সম্প্রতি দুর্ভোগ অবসানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার এসব এলাকা ঘুরে নাগরিক দুর্ভোগ, অব্যবস্থাপনা আর প্রতিদিনের সংগ্রামের কঠিন বাস্তবতা দেখা যায়।
Visit asg-reflektory.pl for more information.
পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহীদ নগর এলাকার সড়কে বছরের প্রায় অর্ধেক সময়ই জলাবদ্ধতা থাকে। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট। শহীদ নগরের পাশের খালঘেঁষা সড়কের বেহাল দশা। খানাখন্দ আর কাদাপানির কারণে চলাচল করতে গিয়ে পড়তে হয় বেকায়দায়। জলাবদ্ধতা নিরসনের দাবিতে সম্প্রতি মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এরপর সিটি করপোরেশনের কর্মীরা খাল পরিষ্কারের কাজ শুরু করেন।দীর্ঘদিন অপরিষ্কার থাকায় খালের পানি কালচে রং ধারণ করেছে। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। শহীদ নগর এলাকায় খালের অপর পাশ দখল ও আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। আদর্শনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই পুকুর উপচে পানি রাস্তায় চলে আসে। সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সড়কে পানির মধ্য দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে একই সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শামীমবাগ এলাকার চিত্রও একই। ভাঙাচোরা সড়ক আর জলাবদ্ধতায় দুর্ভোগ এখানে নিত্যদিনের বাস্তবতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। কাদাপানি ও ভাঙা সড়ক পেরোতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন অনেকে। মৃতপ্রায় খাল ঘিরে দেলপাড়া বাজার এলাকাতেও জমে থাকে ময়লা ও নোংরা পানি। এতে বাড়ছে দূষণ ও জনদুর্ভোগ। কুতুববাগ এলাকায়ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার চিত্র দেখা যায়। সামান্য বৃষ্টিতেই এখানকার জনজীবন অচল হয়ে পড়ে।