ছেলে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, তাই ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা বাবার

· Prothom Alo

ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করায় অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেছেন আবু জাফর নামের এক ব্যক্তি। ২ মার্চ তিনি ঝিনাইদহ জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে এই অ্যাফিডেভিট করেন তিনি। যদিও আইনে সন্তান ত্যাজ্য করার কোনো বিধান নেই।

Visit catcross.org for more information.

আবু জাফরের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে। ছেলে নাহিদ হাসান ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে অ্যাফিডেভিটে উল্লেখ করেছেন তিনি।

ঝিনাইদহ জেলা জজ আদালতের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে এই অ্যাফিডেভিট করেন আবু জাফর।

আবু জাফর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও ছেলে নাহিদ হাসান তাঁর নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানিয়েছেন। এ ঘটনা জানার পরে তিনি তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো বেআইনি কাজে জড়িত থাকলে আবু জাফর তাঁর দায়িত্ব নেবেন না।

এ বিষয়ে জানতে নাহিদ হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।

ঝিনাইদহ জেলা জজকোর্টের আইনজীবী মো. শফিকুর রহমান বলেন, ত্যাজ্যপুত্র করার কোনো আইনি ভিত্তি নেই। তিনি হয়তো কোনো ঝামেলা এড়িয়ে যেতে এ পদক্ষেপ নিয়েছেন।

Read full story at source