দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়
· Prothom Alo

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্য দিয়েই নির্বাচনে অংশ নেওয়া বিবিধ রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে ডে-কেয়ার স্থাপনের বিষয়টি উল্লেখ করেছে এবং এর পর থেকেই এ আলোচনার সূত্রপাত। এ আলোচনার প্রাসঙ্গিকতা অস্বীকার করার কোনো উপায় নেই। কেননা, বিশ্বব্যাংকের ২০২৫–এ পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৩৮ দশমিক ৬৫ শতাংশ, যা পূর্বের তুলনায় কমেছে। ২০২৩ সনে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক তথ্যানুযায়ী, ২০১০ থেকেই শ্রমবাজারে নারীর অংশগ্রহণ নিন্মমুখী আর এর পেছনে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো উঠে আসে, তার মধ্যে অন্যতম নারীর দ্বৈত ভূমিকা পালন।
Visit biznow.biz for more information.
আমেরিকান সমাজবিজ্ঞানী আর্লি রাসেল হশচাইল্ড তাঁর ‘দ্য সেকেন্ড শিফট’ বইয়ে একজন নারী তাঁর প্রাতিষ্ঠানিক কাজের বাইরে বাড়ি ফিরে সন্তান পালনসহ বাড়ির অন্যান্য যে দায়িত্ব পালন করেন, তা উল্লেখ করেছেন। এই দ্বৈত দায়িত্ব অনেক সময় একজন নারীকে তাঁর শিক্ষা, কর্মজীবনে প্রবেশ, চাকরিতে টিকে থাকা এবং পেশাগত উন্নয়নের পথে একটা ভারসাম্যহীন পরিস্থিতির মধ্যে ফেলে। এর মানে, লিঙ্গসমতার বিষয়টা কেবলমাত্র শিক্ষা কিংবা শ্রমবাজারে নারীর প্রবেশের দ্বারাই নির্ধারিত হয় না; বরং পারিবারিক দায়িত্বের সমবণ্টনের বিষয়টাও উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে সন্তান পালনের এবং গৃহস্থালি কাজের পুরো দায়িত্ব নারীকেন্দ্রিক। যদিও বর্তমানকালে শহুরে সমাজে এ পরিস্থিতির একটা ভিন্ন চিত্রও দেখতে পাওয়া যায়। কিন্ত সন্তান পালনের ক্ষেত্রে বিষয়টা কেবল পরিবারকেন্দ্রিক হয়েই দাঁড়ায়।
সাম্প্রতিককালে ব্র্যাক ইনিস্টিউট অব এডুকেশনাল ডেভলপমেন্টের এক তথ্য থেকে জানা যায়, শতকরা ২০ ভাগ নারী তাঁদের সন্তানদের বাড়িতে কোনো সেবিকার কাছে রেখে যেতে স্বস্তি বোধ করেন, এর বিপরীতে কেবলমাত্র শূন্য দশমিক ১ ভাগ নারী আনুষ্ঠানিক ডে-কেয়ারের সুবিধা নিয়ে থাকেন। ডে-কেয়ারকেন্দ্রিক এত আলোচনার মধ্যে এই পরিসংখ্যান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন এত কমসংখ্যক মা আনুষ্ঠানিক ডে–কেয়ারের সুবিধা নিচ্ছেন?
ছবি: লেখকমহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত ৬৪টি ডে–কেয়ারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারিভাবেও কিছু ডে-কেয়ার পরিচালিত হচ্ছে, যেগুলোর ব্যয় বহন করা মধ্যম আয়ের পরিবারগুলোর সাধ্যের বাইরে। এ ছাড়া ডে–কেয়ারকেন্দ্রিক যে ভাবনা, সেটা বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের কাছে এখনো নতুন। যৌথ পরিবারকাঠামো ভেঙে একক পরিবারের দিকে আমাদের যে যাত্রা, সেটাও বেশি দিন আগের নয়। তাই সন্তান পালনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীলতা খুব স্বাভাবিক একটি বিষয়। তবে এর সঙ্গে এটিও মনে রাখা জরুরি যে একটি শিশুর সুস্থ, স্বাভাবিকভাবে বেড়ে ওঠা তার পরিবারের পাশাপাশি সমাজের জন্যও গুরুত্বপূর্ণ।
প্রচলিত ভাবনায় ডে–কেয়ার নারীর সন্তান পালনের একটা বিকল্প মাধ্যম হিসেবে চিহ্নিত হলেও সমাজতাত্ত্বিক চিন্তাধারা থেকে এর গুরুত্ব অসীম। পরিবারের বাইরে সমবয়সী এবং বিভিন্ন বয়সের শিশুদের মধ্যে যে যোগাযোগ ঘটে, সেটি একটি শিশুর সামাজিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি মানসম্মত ডে–কেয়ার শিশুর সামাজিক দক্ষতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা বিকাশে সহায়ক হতে পারে। তাই ডে–কেয়ার একই সঙ্গে শিশুর সামাজিকীকরণ, নারীর কর্মসংস্থান, পরিবারের পরিচর্যার দায়িত্ব বণ্টন এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো। ডে-কেয়ারে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির শিশুদের একসঙ্গে বেড়ে ওঠার সুযোগ তৈরি হলে তাদের মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতা ও সহযোগিতার মনোভাব গড়ে উঠতে পারে। তবে এ ধরনের বিকাশ নিশ্চিত করতে প্রয়োজন প্রশিক্ষিত পরিচর্যাকারী, নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত খেলাধুলা, পুষ্টিকর খাবার এবং শিশুর বয়স উপযোগী শিখন কার্যক্রম। শুধু শিশুদের একটি নির্দিষ্ট স্থানে রেখে দিলেই মানসম্মত সামাজিকীকরণ নিশ্চিত হয় না। বাংলাদেশের প্রেক্ষাপট বিবাচনায় এ ধরনের ডে–কেয়ারের অবস্থান, আর্লি চাইল্ডহুড কেয়ার নিয়ে কাজ করা প্রশিক্ষিত কর্মীর সংখ্যা এবং ডে–কেয়ারে শিশুকে দৈনিক রাখার নিমিত্তে যে ব্যয়—এই সবকিছুর জটিল সমীকরণে ডে-কেয়ারকেন্দ্রিক কার্যক্রমের পরিপূর্ণ একটা বাস্তবায়ন আমাদের দেশে এখনো চলমান। আশার বিষয় এটাই, নির্বাচনী ইশতেহারের মধ্যে বাস্তবায়নের রূপরেখায় আটকে না থেকে অনেক প্রতিষ্ঠানই নিজ উদ্যোগে স্বল্প পরিসরে হলেও ডে–কেয়ার প্রকল্প চালু করেছে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সম্প্রতি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ডে–কেয়ারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার সময় থেকে মাত্র সাত বছরের মাথায় জেলা পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন একই সঙ্গে সাহসী ও প্রশংসার দাবি রাখে। যেখানে এ অঞ্চলের নেতিবাচক বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হচ্ছে, সেখানে একটি বিশ্ববিদ্যালয়, যার নারীশিক্ষার্থীর সংখ্যা বেশি এবং পড়াশোনা শেষ করার আগেই অনেককে বিয়ে এবং পারিবারিক দায়িত্বের ভার বহন করতে হচ্ছে, সেটি বিবেচনায় প্রশাসনের এই সিদ্ধান্ত মানবিক ও অনুপ্রেরণাদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, মাতৃত্ব কখনোই পড়াশোনার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়াতে পারে না। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ডে–কেয়ার ব্যবস্থাপনা শিক্ষার ক্ষেত্রেও গুণগত মান বজায় রাখার ইঙ্গিত দেয়। এ ধরনের দিবাযত্ন কেন্দ্রে শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশের জন্য কাঠামোগত পরিবর্তন যদি আমরা আনতে চাই, তাহলে অবশ্যই ডে–কেয়ারকেন্দ্রিক জ্ঞান, এর প্রচার এবং দক্ষ সেবিকার প্রয়োজন। তাই জেলা বা বিভাগীয় যে পর্যায়েই এর যাত্রা শুরু হোক না কেন, এর প্রচার ও প্রসারের জন্য সম্মিলিতভাবে কাজ করা জরুরি। কেননা, ডে–কেয়ার কোনো সামাজিক ব্যয় না; বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক বিনিয়োগ। নতুন কর্মসংস্থান তৈরির সুযোগের পাশাপাশি এটি কেয়ার ইকনোমিত বা যত্নকেন্দ্রিক অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারে।
শিশুর সুস্থ বিকাশ, নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং একটি উৎপাদনশীল ও মানবিক সমাজ—এই তিন বিষয় পরস্পর সম্পর্কিত। ডে-কেয়ার সেই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ডে-কেয়ারকে কেবল মায়ের বিকল্প সহায়তা নয়; বরং শিশুর ভবিষ্যৎ, নারীর অধিকার এবং সমাজের সামগ্রিক উন্নয়নে একটি যৌথ সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
*লেখক: রোহানা আফরোজ, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। ইমেইল: [email protected]