শেনজেনে তিন পরাশক্তির বৈঠকে বাংলাদেশে কী প্রভাব পড়বে
· Prothom Alo

১৯ নভেম্বর ২০২৬, চীনের শেনজেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (এপেক) সম্মেলনের ফাঁকে কাইলিন ভিলায় একই গোলটেবিলে বসলেন সি চিন পিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের এমন ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম।
Visit somethingsdifferent.biz for more information.
প্রায় দেড় ঘণ্টার আলোচনার পর তাঁরা পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপের অঙ্গীকার করলেন। সেই সঙ্গে রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিচারিক দায়মুক্তির প্রতি সম্মান দেখাতে বললেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার প্রয়োগ নিয়ে সতর্ক করলেন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও যৌথ ঘোষণায় যুদ্ধটির উল্লেখই নেই। শেনজেনের সবচেয়ে বিস্ময়কর দিক এই যে যুদ্ধ থামানোর পথের চেয়ে আন্তর্জাতিক আদালতের ক্ষমতা নিয়ে তিন নেতার অভিন্ন অবস্থান প্রকাশ করা সহজ হয়েছে।
তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারেপারমাণবিক সংলাপের প্রতিশ্রুতি
হোয়াইট হাউসের প্রকাশিত ঘোষণায় তিন দেশ বলেছে, পারমাণবিক যুদ্ধে জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। বক্তব্যটি পুরোনো। শেনজেনের নতুন সংযোজন হলো পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে তিন দেশের সংলাপের প্রতিশ্রুতি। সেই সংলাপ কবে বসবে, কারা বসবেন বা কীভাবে অগ্রগতি যাচাই হবে, ঘোষণায় তার উল্লেখ নেই।
অস্ত্র কমানোর চুক্তি নিয়ে আনুষ্ঠানিক দর-কষাকষি শুরুর কথাও বলা হয়নি। ফলে একই টেবিলে বসার নজির তৈরি হলেও সেই বৈঠককে নিয়মিত আলোচনায় রূপ দেওয়ার কাজটি বাকি।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত করার ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই যোগাযোগের গুরুত্ব বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্বে আনুমানিক ১২ হাজার ১৮৭টি পারমাণবিক ওয়ারহেড ছিল। সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক মজুতে থাকা ওয়ারহেডের প্রায় ৮৩ শতাংশ ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। চীনের মজুত আনুমানিক ৬২০টি এবং তা বাড়ছে। এই অসমতা বোঝায়, ওয়াশিংটন যে ত্রিপক্ষীয় অস্ত্র হ্রাসের আলোচনা চায়, বেইজিংয়ের কাছে তার শর্ত কেন আলাদা গুরুত্ব পায়।
শেনজেন সম্মেলনে এক মঞ্চে ভ্লাদিমির পুতিন, সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পঅস্ত্রের সংখ্যা নিয়ে সমঝোতার আগেও কিছু কাজ সম্ভব। পরীক্ষার আগাম নোটিশ এবং সংকটকালে সরাসরি যোগাযোগের মতো ব্যবস্থা ভুল–বোঝাবুঝি কমাতে পারে। কোনো সামরিক তৎপরতার অর্থ নিয়ে সন্দেহ দেখা দিলে, প্রতিপক্ষের উদ্দেশ্য যাচাই করার সুযোগ সিদ্ধান্ত নেওয়ার জন্য মূল্যবান সময় দেয়। তিন দেশ বিশেষজ্ঞদের বৈঠকের তারিখ ঠিক করলে এবং যোগাযোগের দায়িত্ব নির্দিষ্ট করলে বোঝা যাবে, শেনজেনের অঙ্গীকার বাস্তব রূপ পেতে শুরু করেছে।
ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ আদালত
ত্রিপক্ষীয় ঘোষণার বাকি অংশে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রশ্নে আরও কার্যকর করার লক্ষ্যে সংস্কারের অঙ্গীকার আছে। তিন দেশ পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও জানিয়েছে। তবে সংস্কারের রূপরেখা কিংবা জ্বালানির উৎপাদন কতটা ও কবে বাড়বে, তার হিসাব দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে ভাষা তুলনায় সুনির্দিষ্ট। তিন নেতা রাষ্ট্রের সম্মতি ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিচারিক দায়মুক্তির প্রতি সম্মানের কথা বলেছেন এবং আদালতকে তার এখতিয়ারের অপব্যবহার না করতে বলেছেন। পুতিনের বিরুদ্ধে ওই আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পটভূমিতে এই ভাষার রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এতে আদালতের এখতিয়ার বদলায় না। তবে যুক্তরাষ্ট্রও এই ভাষায় সায় দেওয়ায় বোঝা যায়, রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক ক্ষমতা প্রয়োগের প্রশ্নে এই তিন সরকারের অবস্থান কোথায় এসে মিলেছে।
সি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে কে কী পেল, কী হতে পারে প্রভাবইউক্রেনের ক্ষেত্রে ব্যবধানটি আরও স্পষ্ট। যুদ্ধ নিয়ে কথা হলেও ঘোষণায় যুদ্ধবিরতির কোনো পথরেখা নেই। বৈঠকের পর পুতিন অধিকৃত ক্রিমিয়ার একটি সেতুতে ইউক্রেনীয় হামলার কথা তুলে ধরে কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেন। একই দিনে বার্লিনে ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি সমর্থন জানায়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সতর্ক করেন, ইয়াল্টার আদলে পরাশক্তির বোঝাপড়া শান্তি আনবে না। তাঁর আপত্তি ছিল ইউক্রেন ও ইউরোপকে পাশ কাটিয়ে তাদের নিরাপত্তার শর্ত নির্ধারণের সম্ভাবনা নিয়ে। যে দেশকে যুদ্ধবিরতির শর্ত পালন করতে হবে, আলোচনায় তার অংশগ্রহণই সেই শর্ত টেকার অন্যতম ভিত্তি।
একই দৃশ্যের তিন রাজনৈতিক অর্থ
রয়টার্সের বর্ণনায় ট্রাম্প পুতিনকে ‘আমার বন্ধু’ বলে অভ্যর্থনা জানান, আর সি ট্রাম্পকে আলিঙ্গন করেন। ট্রাম্প বৈঠকটিকে ১৯৪৫ সালের ইয়াল্টার চেয়েও বড় বলে বর্ণনা করেন। সি বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের সঙ্গে বিশ্বশান্তির যোগের কথা বলেন। বৈঠকের পর পুতিন নিজেই জানান, ঘোষণায় খুব উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়নি। সৌহার্দ্যের একই দৃশ্য তাই তিন নেতার জন্য তিন রকম রাজনৈতিক কাজ করেছে।
ট্রাম্প দেখাতে পেরেছেন, তিনি দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। সি দেখিয়েছেন, বেইজিং বিশ্বনিরাপত্তার আলোচনা আহ্বান করতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা পুতিন পেয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের নেতার পাশে সমমর্যাদায় উপস্থিতির দৃশ্য।
ট্রাম্প, সি ও পুতিনের বৈঠক নিয়ে ইউরোপ অস্বস্তিতে ট্রাম্প-সি চিন পিং বৈঠকে আলোচনায় কেন ‘থুসিডাইডিস ফাঁদ’চীন ও রাশিয়ার কাছে এ ছবির একটি অভিন্ন তাৎপর্যও আছে। দুই দেশই এমন এক আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে চায়, যেখানে ওয়াশিংটন এককভাবে আলোচনার শর্ত ঠিক করতে পারে না। শেনজেনে সেই আকাঙ্ক্ষার একটি প্রকাশ দেখা গেল।
কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে চীনের প্রভাব কতটা, তা বোঝা যাবে বেইজিং অন্য পক্ষগুলোকেও আলোচনায় আনতে পারে কি না এবং উপস্থিত নেতাদের কাছ থেকে বাস্তব প্রতিশ্রুতি আদায় করতে পারে কি না, তার ভিত্তিতে।
এপেকের ফল ও বাংলাদেশের হিসাব
তিন নেতার ঘোষণার পাশাপাশি ২১ সদস্য অর্থনীতির নিজস্ব এপেক ঘোষণাও আছে। ২১ নভেম্বর প্রকাশিত সেই নথিতে ২০২৭-২০৩০ মেয়াদে বাণিজ্য ডিজিটাল করার সহযোগিতা কাঠামোকে স্বাগত জানানো হয়েছে। কাগজবিহীন বাণিজ্য এগিয়ে নেওয়া, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন সামলানো এবং জ্বালানিসহ জরুরি পণ্যের বাণিজ্যপথ খোলা রাখার কথাও এসেছে। এপেক ঐকমত্য ও স্বেচ্ছাপ্রতিশ্রুতির ভিত্তিতে চলে। তাই এই উদ্যোগের মূল্য বোঝা যাবে ব্যবসায়ীদের কাগজপত্র কমছে কি না, বন্দরে পণ্য ছাড়ের সময় কমছে কি না এবং সরবরাহে সমস্যা হলে আগেভাগে খবর পাওয়া যাচ্ছে কি না, তা দিয়ে।
এপেকের সদস্যতালিকায় বাংলাদেশ নেই, কিন্তু শেনজেনের আলোচনার অর্থনৈতিক প্রভাব থেকে বাংলাদেশ বিচ্ছিন্নও নয়। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক পাঠানো বা চীন থেকে যন্ত্রপাতি ও শিল্পের উপকরণ আনার ক্ষেত্রে পরিবহন ব্যয়, শুল্ক ও সরবরাহের নির্ভরযোগ্যতা সরাসরি ব্যবসার হিসাব বদলে দেয়। পরিশোধিত জ্বালানির সরবরাহ সত্যিই বাড়লে আমদানিনির্ভর অর্থনীতির ওপর কিছুটা চাপ কমতে পারে। ঢাকার একটি কারখানা অবশ্য যৌথ ঘোষণার ভিত্তিতে আগামী মৌসুমের উৎপাদন ব্যয় ধরতে পারবে না। তার জন্য জ্বালানি, জাহাজভাড়া ও বাজারে প্রবেশের নিয়মে বাস্তব পরিবর্তন প্রয়োজন।
শেনজেনের কূটনৈতিক অর্জন হলো গভীর বিরোধের মধ্যেও তিন পরাশক্তি একসঙ্গে কথা বলেছে এবং পারমাণবিক ঝুঁকি নিয়ে আবার কথা বলার প্রতিশ্রুতি দিয়েছে। তার রাজনৈতিক সীমাও স্পষ্ট। যাদের যুদ্ধ নিয়ে আলোচনা হলো, তারা সেই টেবিলে ছিল না। যাদের জ্বালানি ও বাণিজ্য ব্যয় কমার আশা, তাদের জন্য কোনো নির্দিষ্ট সময়সূচি এল না। বৈঠকের আসল মূল্য বোঝা যাবে পরের সংকটে। তখন কি যোগাযোগের পথটি খোলা থাকবে এবং সেই আলোচনায় কি সিদ্ধান্তের ভার যাঁদের বইতে হবে, তাঁদেরও জায়গা হবে?
ড. এ কে এম আহসান উল্লাহ অধ্যাপক, আন্তর্জাতিক, নিরাপত্তা এবং অভিবাসন। ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেই