রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায়ের পরও মিয়ানমারের জান্তার সঙ্গে যোগাযোগ রাখছে ট্রাম্প প্রশাসন: মার্কিন কংগ্রেসম্যান

· Prothom Alo

সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনী জাতিগত নিধন চালিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন রায়ের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতা গ্রেগরি ডব্লিউ মিকস।

গতকাল বুধবার এক বিবৃতিতে মিকস বলেন, গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় গত সপ্তাহে আইসিজে যে রায় দিয়েছেন, সেটি কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের (জেনোসাইড) অভিযোগে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক আদালতের রায় দেওয়ার প্রথম ঘটনা। ২০২২ সালে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্তে পৌঁছেছিল, এই রায় তা-ই নিশ্চিত করেছে।

Visit freshyourfeel.org for more information.

মিকসের দাবি, যুক্তরাষ্ট্র ২০২২ সালেই বলেছিল, মিয়ানমারের সামরিক বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালিয়েছে।

বিবৃতিতে ডেমোক্র্যাট নেতা মিকস আরও বলেন, এরপরও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্প প্রশাসন এখন সেই সামরিক জান্তার সঙ্গেই যোগাযোগ রাখছেন। জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে তাঁদের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। এটি শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয়, কৌশলগত দিক থেকেও চরম অপরিণামদর্শী এবং যুক্তরাষ্ট্রের আইনের সঙ্গে অসংগতিপূর্ণ।

১৯ নভেম্বর আইসিজের রায়ে বলা হয়, মিয়ানমারে সামরিক জান্তা রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালিয়েছে।

বিবৃতিতে মিকস বলেন, জান্তার সঙ্গে যোগাযোগ রাখলে বেসামরিক মানুষের ওপর তাদের সহিংসতা কীভাবে কমবে কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড কীভাবে বন্ধ হবে, সে বিষয়ে রুবিও কোনো কৌশল তুলে ধরতে পারেননি।

এই ডেমোক্র্যাট নেতা বিবৃতিতে বলেন, একই সময়ে প্রশাসন বার্মা অ্যাক্টে বাধ্যতামূলক করা নিষেধাজ্ঞাগুলো কার্যকর করেনি। এ আইনে মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে সহায়তা দেওয়ার যেসব কর্মসূচির অনুমোদন রয়েছে, সেগুলোও বাস্তবায়ন করেনি।

মিকস আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নীতিগুলো বার্মা অ্যাক্টের সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ। আইনটি মেনে চলার ক্ষেত্রে পররাষ্ট্র দপ্তর কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে আমি তাদের কাছে জবাব চাইব।’

Read full story at source