নতুন মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪–৫ শতাংশ বাড়াতে হবে

· Prothom Alo

আজ ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, বিজিএমইএ সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি রুবাইয়াত সারোয়ার, লেখক ও বিশ্লেষক ফিরোজ আহমেদ

শ্রমিক ও শিল্প খাত নিয়ে একধরনের অসুস্থ রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। তিনি বলেছেন, কেন বারবার শ্রমিকেরা রাস্তায় নামছেন, কারা তাঁদের নামাচ্ছেন এবং কেন তা চিহ্নিত করা যাচ্ছে না, সেটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বড় দুর্বলতা।

আজ বুধবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Visit syntagm.co.za for more information.

একই অনুষ্ঠানে অনুষ্ঠানে র‍্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, ১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪-৫ শতাংশ বাড়াতে হবে। রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুরের সঞ্চালনায় অনুষ্ঠানে রুবানা হক ছাড়া আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, বিজিএমইএ সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি রুবাইয়াত সারোয়ার, লেখক ও বিশ্লেষক ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে রুবানা হক বলেন, ‘পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন পর্যন্ত বন্ধ ছিল। অথচ মজুরি পরিশোধের সময় উদ্যোক্তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাহলে এই ক্ষতির দায় কে নেবে?’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন রুবানা হক। তিনি বলেন, নতুন মজুরি শ্রমিকদের জন্য ঠিক আছে। কিন্তু এই মজুরি পরিশোধের জন্য বাড়তি অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে কেউ কথা বলছেন না। বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না। এমন পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। গত কয়েক দিনে পোশাকশিল্প খাত যে অবস্থায় গেছে, সেখান থেকে এটিকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব।

বর্তমান পরিস্থিতিতে ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর টিকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুবানা হক বলেন, বছরে পাঁচ কোটি ডলারের কম রপ্তানি করে, এমন কারখানা থেকেই দেশের মোট পোশাক রপ্তানির ৫১ শতাংশ আসে। এসব কারখানা বন্ধ হয়ে গেলে দেশের পোশাক রপ্তানির বড় অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

পোশাকের দাম ৪-৫% বাড়াতে হবে

অনুষ্ঠানে র‍্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, ১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪-৫ শতাংশ বাড়াতে হবে। তাহলে শিল্প এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকতে পারবে। তাই এই হিসাব সামনে রেখে পোশাকের দাম বাড়াতে আমাদের বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করতে হবে।’

মজুরি বৃদ্ধিই শ্রমিকদের জীবনমান উন্নয়নের একমাত্র উপায় নয় উল্লেখ করে এম এ রাজ্জাক বলেন, ‘মজুরি বৃদ্ধির আলোচনায় শুধু দুই পক্ষের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে আমাদের চিন্তা করতে হবে, কীভাবে এই প্রক্রিয়াকে আরও আধুনিক করা যায় এবং শ্রমিকেরা আরও বেশি সুবিধা পেতে পারেন। মজুরি বৃদ্ধির বাইরেও শ্রমিকদের সুবিধা বাড়ানোর সুযোগ রয়েছে।’

সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে ২৫ নভেম্বরের মধ্যে একটি মজুরি নির্ধারণ করা হলো। আসলে এমন তো হওয়ার কথা নয়। মজুরি বোর্ড গঠনের ঘোষণা আরও অনেক আগে আসা উচিত ছিল। তাহলে শ্রমিক অসন্তোষ ঠেকানো যেত। নতুন মজুরি নিয়েও উভয় পক্ষের মধ্যে অসন্তোষ রয়েছে।

বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘শ্রমিকের বিদ্যমান বেতন, ব্যাংকের সুদ ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে শিল্প এখন খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার ওপর নতুন যে ব্যয়ের বোঝা এসেছে, তা বহনের চেষ্টা আমরা অবশ্যই করব। কিন্তু শেষ পর্যন্ত এই শিল্প কত দিন টিকে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

বিভিন্ন দেশের শ্রমিকদের মজুরির তুলনা করতে জীবনধারণের উপযোগী মজুরি নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতি ‘অ্যাঙ্কর লিভিং ওয়েজ’-এর হিসাব তুলে ধরেন পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি রুবাইয়াত সারওয়ার। তিনি জানান, বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি যখন ১২ হাজার ৫০০ টাকা ছিল, তখন ওভারটাইম ছাড়া তাঁরা জীবনধারণের উপযোগী মজুরির ৫৬ শতাংশ পেতেন। আর ওভারটাইমসহ পেতেন ৬৯ শতাংশ। নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা কার্যকর হলে ওভারটাইম ছাড়া শ্রমিকেরা জীবনধারণের উপযোগী মজুরির ৭৬ শতাংশ পাবেন। আর ওভারটাইমসহ তা শতভাগে পৌঁছাবে বলে দাবি করেন তিনি।

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ জানান, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হলে ছোট একটি কারখানারও মাসিক মজুরি ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা বাড়বে। কোনো কোনো কারখানায় এই ব্যয় বাড়বে এক কোটি থেকে দেড় কোটি টাকা। আর বড় কারখানাগুলোর ক্ষেত্রে মাসিক মজুরি ব্যয় চার-পাঁচ কোটি টাকা পর্যন্ত বাড়বে।

স্থায়ী মজুরি কাউন্সিল গঠনের প্রস্তাব

কয়েক বছর পরপর মজুরি নির্ধারণকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতা এড়াতে একটি স্থায়ী মজুরি কাউন্সিল গঠনের প্রস্তাব দেন রুবানা হক। তিনি বলেন, এই কাউন্সিলে উদ্যোক্তা ও গবেষকেরা থাকতে পারেন। শ্রমিকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে মজুরি সমন্বয়ের বিষয়টি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রাখা উচিত।

মজুরি নির্ধারণে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন নাজনীন আহমেদও। তিনি বলেন, ‘আমাদের একটি স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত। এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবছর শ্রমিকদের মজুরি সমন্বয় করার ব্যবস্থা চালু করা যেতে পারে।’

লেখক ও বিশ্লেষক ফিরোজ আহমেদ বলেন, একটি সুস্থ ও ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়মিতভাবে মজুরি সমন্বয় করা হলে কিছুদিন পরপর যে অস্থিরতা বা সহিংসতা তৈরি হয়, সেই সংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করা যেত।

Read full story at source