কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয়

· Prothom Alo

দুটিই পুষ্টিকর ও উপকারী। প্রশ্ন হচ্ছে, একসঙ্গে খেলে কি শরীরে বদহজমের মতো কোনও খারাপ প্রভাব পড়তে পারে?

জনপ্রিয় দুটি স্বাস্থ্যকর খাবার ও পানীয় কফি ও সেদ্ধ ডিম। অনেক সময়ই আমরা ব্রেকফাস্টে বা প্রি ও পোস্ট ওয়ার্ক আউট মিলে বেছে নিই ডিমসেদ্ধ। এরপর এক কাপ কফি পান করি অনেকেই। আলাদাভাবে দুটিরই ভালো প্রভাব আছে স্বাস্থ্যগত দিক থেকে। আর প্রচলিত ধারণা অনুযায়ী এতে গ্যাস হয় বলা হলেও একসঙ্গে কফি ও ডিমসেদ্ধ খেলে সাধারণত শরীরের কোনো ক্ষতি হয় না। বরং দুটোই পুষ্টিকর আর নাশতায় একসঙ্গে খাওয়া যেতে পারে। তবে এদের পুষ্টিগুণ ও শরীরে প্রভাব আলাদা।

Visit asg-reflektory.pl for more information.

কফি ও সেদ্ধ ডিম একসঙ্গে খেলে কী উপকার হতে পারে?

১. দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে

সেদ্ধ ডিমে উচ্চমানের প্রোটিন ও কিছুটা চর্বি থাকে। অন্যদিকে কফি সাময়িকভাবে ক্ষুধা কমাতে পারে। তাই সকালে কফি ও ডিম খেলে কিছুটা দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হতে পারে। ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের জন্য এটি কার্যকর নাশতার একটি অংশ হতে পারে।

২. মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে পারে

কফির ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। ফলে সাময়িকভাবে সতর্কতা, মনোযোগ ও মানসিক কর্মক্ষমতা বাড়তে পারে। ডিমে থাকা কোলিন মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।

৩. পেশি গঠনে সহায়ক

একটি বড় সেদ্ধ ডিমে প্রায় ৬–৭ গ্রাম প্রোটিন থাকে। ডিমের প্রোটিনে শরীরের প্রয়োজনীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে। নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চার পাশাপাশি ডিম খেলে পেশি গঠন ও ক্ষয়পূরণে সহায়তা পাওয়া যায়।

৪. প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে

ডিমে ভিটামিন বি১২, ভিটামিন ডি, সেলেনিয়াম, কোলিন, লুটিন ও জিয়াজ্যানথিন থাকে। অন্যদিকে চিনি ছাড়া কফিতে অ্যান্টিঅক্সিডেন্টজাতীয় পলিফেনল থাকে। ফলে এই দুটি খাবার থেকে শরীর বিভিন্ন ধরনের পুষ্টি ও উপকারী উদ্ভিজ্জ যৌগ পেতে পারে।

একসঙ্গে খেলে কোনো ক্ষতি বা অসুবিধা আছে কি?

আয়রন শোষণে প্রভাব: কফির পলিফেনল খাবার থেকে নন-হিম আয়রন শোষণ কমাতে পারে। ডিমেও এই ধরনের আয়রন রয়েছে। যাঁদের আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা আছে, তাঁদের ডিম বা আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে কফি না খেয়ে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিরতি রাখা ভালো।

অ্যাসিডিটি: খালি পেটে কফি খেলে কারও কারও বুকজ্বালা, অস্বস্তি বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।

ঘুমের সমস্যা: অতিরিক্ত ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যায় কফি খেলে এ সমস্যা হতে পারে।

দুধ বা হেভি ক্রিম দিয়ে কফি এড়ানো ভালো: দুধ, চিনি, ক্রিম দিয়ে বানানো কফিতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। ডিমের সঙ্গে এভাবে কফি খেলে গ্যাস ও অ্যাসিডিটির সম্ভাবনাও বাড়ে।

ওজন কমাতে কফি ও সেদ্ধ ডিম কি ভালো?

হ্যাঁ, ওজন নিয়ন্ত্রণের খাদ্যতালিকায় এই দুটি খাবার রাখা যায়। ডিমের প্রোটিন পেট ভরা রাখতে সাহায্য করে। চিনি ছাড়া ব্ল্যাক কফিতে ক্যালরিও খুব কম। তবে শুধু কফি ও ডিম খেলেই ওজন কমবে, এমন নয়। মোট ক্যালরি গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের ওপর ওজন কমা নির্ভর করে।

সকালে এক বা দুটি সেদ্ধ ডিমের সঙ্গে এক কাপ চিনি ছাড়া কফি খাওয়া বেশির ভাগ সুস্থ মানুষের জন্য নিরাপদ। দুটো একসঙ্গে খেলে বিশেষ কোনো রাসায়নিক বিক্রিয়া বা ক্ষতিকর প্রতিক্রিয়া হয় না। বরং সুষম নাশতার অংশ হিসেবে এটি ভালো সমন্বয় হতে পারে।

সূত্র: হেলথলাইন

ছবি: এ আই ও পেক্সেলস

Read full story at source