১৮৭০ সালের দুর্ভিক্ষ থেকে ‘গজব রাত’ নেটফ্লিক্সে যা দেখছেন দর্শক

· Prothom Alo

‘দায়রা’ সিনেমার পোস্টার

বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে কোন সিনেমাগুলো বেশি দেখছেন দর্শকেরা? সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে দেখা সাত সিনেমায় রয়েছে চমক। অপরাধ, রহস্য, অ্যাকশন, রোমান্স থেকে কমেডি—বিভিন্ন ঘরানার সিনেমায় মেতেছেন দর্শকেরা। আলোচিত সাত সিনেমার গল্পে কী আছে?

Visit afnews.co.za for more information.

১. ‘দায়রা’
শীর্ষে রয়েছে ‘দায়রা’। ভারতের আলোচিত এই ক্রাইম থ্রিলারে উঠে এসেছে আইন, বিচার ও পুলিশের ক্ষমতার ব্যবহার নিয়ে জটিল প্রশ্ন। ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত চার ব্যক্তিকে পুলিশ হেফাজতে হত্যার ঘটনাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ঘটনাটি পুলিশের বৈধ অভিযান, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্তে নামেন এক কর্মকর্তা। একদিকে পুলিশের অভিযানের পক্ষে অবস্থান নেওয়া কর্মকর্তা, অন্যদিকে সত্য উদ্‌ঘাটনে দৃঢ়প্রতিজ্ঞ তদন্তকারী। দুই পক্ষের অবস্থানের সংঘাতে সামনে আসে বিচারব্যবস্থার নানা অসংগতি। কারিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় সিনেমাটির অন্যতম আকর্ষণ। এটি পরিচালনা করেছেন পরিচালক মেঘনা গুলজার।

‘রণবলী’ সিনেমার পোস্টার

২. ‘রণবলী’
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘রণবলী’। ভারতের দক্ষিণাঞ্চলে ১৮৭০–এর দশকের দুর্ভিক্ষ ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমিতে নির্মিত ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি। গল্পের কেন্দ্রে রয়েছেন এক বিদ্রোহী যোদ্ধা। ব্রিটিশ শাসকের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের এলাকার মানুষকে রক্ষা করতে লড়াই শুরু করেন তিনি। সিনেমায় যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। তাঁর বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। ব্রিটিশ কমিশনারের চরিত্রে দেখা গেছে আর্নল্ড ভসলুকে। ইতিহাস, প্রেম, বিদ্রোহ ও অ্যাকশনের সমন্বয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন।

‘নেভার সারেন্ডার’ সিনেমার পোস্টার

৩. ‘নেভার সারেন্ডার’
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশীয় অ্যাকশন সিনেমা ‘নেভার সারেন্ডার’। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন সাবেক যোদ্ধা, তিনি অতীতের অপরাধবোধ নিয়ে নির্জন বাড়িতে জীবন কাটাচ্ছেন। হঠাৎ তাঁর বাড়িতে হাজির হয় বিপজ্জনক একটি অপরাধী চক্র। পরিস্থিতির কারণে নিজের কাছ থেকে দূরে থাকা নাতি–নাতনিদের সঙ্গে নিয়ে লড়াইয়ে নামতে হয় তাঁকে। একদিকে অপরাধীদের হামলা, অন্যদিকে পরিবারের সদস্যদের নিরাপত্তা—দুই দিক সামলাতে গিয়ে ফিরে আসে তাঁর পুরোনো যুদ্ধের অভিজ্ঞতা। অ্যাকশন ও পারিবারিক সম্পর্কের মিশেলে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন লুকমান সারদি, কলিস্তা আরুম ও সুলতান হামোনানগান।

‘গার্ডিং স্টারস’ সিনেমার পোস্টার

৪. ‘গার্ডিং স্টারস’
তালিকার চতুর্থ স্থানে রয়েছে হলিউডের রোমান্টিক কমেডি ‘গার্ডিং স্টারস’। একজন কঠোর পেশাদার নারী দেহরক্ষীকে দায়িত্ব দেওয়া হয় জনপ্রিয় এক চলচ্চিত্র তারকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দায়িত্বের অংশ হিসেবে তাঁকে ওই তারকার সঙ্গে মন্টানার একটি খামারবাড়িতে যেতে হয়। সেখানে বড়দিনের ছুটিতে পরিস্থিতির কারণে দুজনকে প্রেমিক–প্রেমিকার অভিনয় করতে হয়। কিন্তু মিথ্যা সম্পর্কের অভিনয় করতে গিয়ে একসময় তাঁদের মধ্যে সত্যিকারের ভালো লাগা তৈরি হয়। পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত অনুভূতির টানাপোড়েন নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে লেইটন মিস্টার, জ্যারেড পাডালেকি ও অ্যান্ডি ম্যাকডাওয়েল অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন এলিজাবেথ অ্যালেন রোজেনবাউম।

‘গজব রাত’ সিনেমার পোস্টার

৫. ‘গজব রাত’
তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারতীয় থ্রিলার সিনেমা ‘গজব রাত’। এক পুলিশ কর্মকর্তার মানবিক সিদ্ধান্ত থেকেই শুরু হয় বিপদের। আহত এক নারীকে সাহায্য করতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন ক্ষমতাধর ব্যক্তিদের একটি ষড়যন্ত্রে। এরপর এক রাতের মধ্যে তাঁকে মোকাবিলা করতে হয় নানা বিপজ্জনক পরিস্থিতি। অপরাধ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো উঠে এসেছে সিনেমাটিতে। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে হয় ওই কর্মকর্তাকে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। আরও রয়েছেন দিব্যা দত্ত, অক্ষয় ওবেরয়, সাকিব সেলিম ও নুসরাত ভারুচা।

‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমার পোস্টার

৬. ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। সিনেমার গল্পে দেখা যায়, পৃথিবীর পরিবেশে ডাইনোসরদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তারা এখন নির্দিষ্ট কিছু গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বসবাস করছে। এমনই একটি দ্বীপে অভিযানে যায় বিশেষজ্ঞদের একটি দল। তাদের লক্ষ্য, বিশাল আকৃতির তিন প্রজাতির ডাইনোসরের জিনগত উপাদান সংগ্রহ করা। এসব উপাদান দিয়ে তৈরি হতে পারে জীবন রক্ষাকারী ওষুধ। কিন্তু দ্বীপে পৌঁছানোর পর ভয়ংকর ডাইনোসরদের মুখোমুখি হতে হয় দলটিকে। সিনেমাটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী, জোনাথন বেইলি, রুপার্ট ফ্রেন্ড ও ম্যানুয়েল গার্সিয়া–রুলফো। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২ জুলাই ২০২৫।

‘বাথথা’ সিনেমার পোস্টার

৭. ‘বাথথা’
তালিকার সপ্তম স্থানে রয়েছে তামিল সিনেমা ‘বাথথা’। ১৯৮৬ সালের মাদ্রাজের পটভূমিতে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, এক ভিতু বালকের কারণে স্কুলের শৌচাগারে আটকা পড়ে যায় ভয়ংকর এক গ্যাংস্টার। প্রথমে ঘটনাটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করলেও ধীরে ধীরে ওই বালক ও গ্যাংস্টারের মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনের ভিন্ন জগতের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি একে অপরের জীবনকে বদলে দিতে শুরু করে। সিনেমাটিতে অপরাধজগতের গল্পের সঙ্গে পারিবারিক সম্পর্ক, মানবিকতা ও হাস্যরসের মিশেল রয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। আরও রয়েছেন লিজোমল জোস ও সাই পৃথ্বীরাজ।

Read full story at source