রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগাতে হবে
· Prothom Alo

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড (গোষ্ঠীনিধন) সংঘটনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। এই রায় নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক এক ঘটনা। একই সঙ্গে এটি প্রায় ১০ বছর ধরে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য নৈতিক এক বিজয়। তবে মিয়ানমারের নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা গেলেই কেবল এই বিজয় পূর্ণতা পেতে পেরে।
২০১৭ সালে রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালে হেগে অবস্থিত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। ১৫ জন জুরির মধ্যে ৯ জন রায়ের পক্ষে ও ৬ জন বিপক্ষে ছিলেন। জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেছেন, ২০১৭ সালে ক্লিয়ারেন্স অপারেশন নামে পরিচিত অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।
Visit esporist.org for more information.
এই অভিযানের সময় নারী-শিশুসহ ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। নারী ও কন্যাশিশুদের ধর্ষণ করা হয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয়ের খোঁজে পালিয়ে আসার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। এটি একুশ শতকের অন্যতম নৃশংস গোষ্ঠী নিধনের ঘটনা।
১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করেছেন আইসিজে, এই দিক বিবেচনায় রায়টির ভিন্ন তাৎপর্যও রয়েছে। আদালত মিয়ানমারকে শরণার্থীদের নিজ নিজ বসতভিটায় নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে, অপরাধীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি দিতে এবং ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। রোহিঙ্গাদের দুর্ভোগের স্বীকৃতি এবং ন্যায়বিচার পাওয়ার অধিকারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক পদক্ষেপ। দুই বছরের মধ্যে রায় বাস্তবায়নের বিষয়ে আইসিজেতে প্রতিবেদন দিতে বলা হয়েছে মিয়ানমারকে।
আইসিজের রায়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সামনে বড় সুযোগও তৈরি হয়েছে। তবে দুর্ভাগ্যজনক সত্য হলো, রায় বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব প্রতিবন্ধকতাও রয়েছে। ভূরাজনৈতিক বাস্তবতা এখানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দশকের পর দশক ধরে মিয়ানমারের সরকার ও নিরাপত্তা বাহিনী কোনো রকম জবাবদিহি ছাড়াই পদ্ধতিগত নিপীড়ন ও নিধনযজ্ঞের সঙ্গে জড়িত। গোষ্ঠী নিধনের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক, অস্ত্র-বিরল খনিজসহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্যের স্বার্থই মিয়ানমারের জান্তানিয়ন্ত্রিত সরকারকে দায়মুক্তি দিয়ে এসেছে।
আইসিজের রায় মেনে চলার ক্ষেত্রে মিয়ানমারের বাধ্যবাধকতা রয়েছে এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো রায় বাস্তবায়নকারী ব্যবস্থা নেই। আমরা মনে করি, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়নে জাতিসংঘসহ প্রভাবশালী দেশগুলোর ওপর নৈতিক দায় এসে পড়েছে। রায় কার্যকরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও এক বা একাধিক দেশের ভেটো এই প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রভাবশালী রাষ্ট্রগুলোর জন্য ন্যায়, মানবাধিকার ও নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় নিঃসন্দেহে বড় একটি পরীক্ষা।
নতুন-পুরোনো মিলিয়ে ১৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এত বড় বোঝা বাংলাদেশের মতো দেশের পক্ষে বেশি দিন বহন করা সম্ভব নয়। আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছে, তার জন্য সময়ক্ষেপণ না করে এই মুহূর্তেই সমন্বিত কূটনৈতিক পরিকল্পনা নিতে হবে। এ ক্ষেত্রে ভূরাজনীতির চ্যালেঞ্জ ঠেকাতে হলে বহুপক্ষীয় বিকল্প ও বহু দেশভিত্তিক চাপ অব্যাহত রাখার কৌশল নিতে হবে।