বাংলাদেশসহ ৪৪টি দেশে চ্যাটজিপিটির বিজ্ঞাপনসেবা সম্প্রসারণ করল ওপেনএআই

· Prothom Alo

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও নিজেদের অবস্থান জোরদার করছে প্রযুক্তিপ্রতিষ্ঠান চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে নিজেদের ‘চ্যাটজিপিটি অ্যাডস’ বা বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে একটি একক পরিবেশক বা পুনর্বিক্রেতা অংশীদারত্ব চুক্তি করেছে ওপেনএআই। ১২ নভেম্বর স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit moryak.biz for more information.

এ চুক্তির ফলে এখন থেকে লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো সরাসরি অ্যালেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে।

নতুন এই অংশীদারত্ব চুক্তির আওতায় তালিকাভুক্ত ৪৪টি দেশের বিজ্ঞাপনদাতারা ওপেনএআইয়ের একক পুনর্বিক্রেতা হিসেবে অ্যালেফের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে পারবে। এর ফলে বিজ্ঞাপন প্রচারের জন্য আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন বা কারিগরি জটিলতার সম্মুখীন হতে হবে না। বিজ্ঞাপনদাতারা নিজ নিজ দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে পারবেন এবং অ্যালেফের স্থানীয় দলের কাছ থেকে অনবোর্ডিংসহ প্রাথমিক ও কারিগরি সব ধরনের সহায়তা লাভ করবেন। ওপেনএআইয়ের এই চুক্তি অ্যালেফের এআই-ভিত্তিক বিজ্ঞাপন ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছে এবং স্থানীয় পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক এআই প্রযুক্তির সঙ্গে যুক্ত করার নতুন দুয়ার খুলে দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চ্যাটজিপিটি এমন একটি অভিনব বিজ্ঞাপনী পরিবেশ তৈরি করেছে, যেখানে ব্যবহারকারীরা কেবল তথ্য খুঁজতেই আসেন না, বরং নতুন বিষয় জানতে, অনুসন্ধান করতে এবং কেনাকাটা বা সেবা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও এই মাধ্যম ব্যবহার করেন। অ্যালেফের মতে, ওপেনএআইয়ের সঙ্গে এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো এআই যুগের অন্যতম সংজ্ঞায়িত ও জনপ্রিয় এই পণ্যের সঙ্গে উদীয়মান বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা অ্যালেফের নিজস্ব পেমেন্ট অবকাঠামো এবং স্থানীয় দক্ষ জনবলের সহায়তায় অত্যন্ত সহজেই চ্যাটজিপিটি অ্যাডস ক্রয় ও পরিচালনা করতে পারবেন।

চুক্তি প্রসঙ্গে অ্যালেফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাস্তন তারাতুতা বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার একটি সম্পূর্ণ নতুন উপায় করে দিচ্ছে। এখন থেকে ৪৪টি বাজারের বিজ্ঞাপনদাতারা এমন একটি স্থানীয় দলের মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে কাজ করতে পারবেন, যারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে, স্থানীয় মুদ্রায় বিল প্রদান করে এবং প্রয়োজনীয় ঋণ সুবিধাও দিয়ে থাকে। বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় প্রবৃদ্ধিতে রূপান্তর করাই অ্যালেফের মূল শক্তি এবং এই অংশীদারত্বের মাধ্যমে তারা সে কাজই সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করতে যাচ্ছে।’

ওপেনএআই ও অ্যালেফের এই চুক্তির আওতায় ৪টি ভৌগোলিক অঞ্চলের মোট ৪৪টি বাজার অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪টি বাজার হলো বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং (রপ্তানিমুখী বাজার) ও শ্রীলঙ্কা। লাতিন আমেরিকার ১৪টি বাজার হলো আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, পানামা, প্যারাগুয়ে, পেরু, পুয়ের্তো রিকো ও উরুগুয়ে। ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি বাজার হলো আজারবাইজান, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন (রপ্তানিমুখী বাজার) ও উজবেকিস্তান। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি বাজার হলো মিসর, কেনিয়া, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

অ্যালেফ বিশ্বজুড়ে ১৩০টির বেশি দ্রুত বর্ধনশীল বাজারে মিডিয়া ও পেমেন্ট সমাধান ত্বরান্বিত করার বৃহত্তম বৈশ্বিক অবকাঠামো পরিচালনা করে আসছে। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা এবং বিশ্বের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অ্যালেফ মিডিয়া, পেমেন্ট এবং স্থানীয় বাজারের দক্ষতাকে একত্র করে ব্যবসা ও প্ল্যাটফর্মগুলোকে নিয়মনীতি মেনে বিশ্বব্যাপী দ্রুত কাজ করতে সহায়তা করে। বিশ্বজুড়ে ৯০টির বেশি কার্যালয়ে কর্মরত দলের মাধ্যমে অ্যালেফ বৈশ্বিক পরিসরের সঙ্গে স্থানীয় পর্যায়ের গভীর বাস্তবায়ন ক্ষমতার সমন্বয় ঘটিয়েছে। ব্যবসায়িক প্রভাবের পাশাপাশি প্রতিষ্ঠানটি ইউনেসকোর গ্লোবাল স্কিলস একাডেমি স্বীকৃত ‘ডিজিটাল অ্যাড এক্সপার্ট’ নামের শিক্ষা উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতেও কাজ করছে। বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে।

Read full story at source