আমাদের ছোট মাটো

· Prothom Alo

প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে; নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]

Visit asg-reflektory.pl for more information.

বিড়াল পোষার শখ আমার কোনো দিন ছিল না। একদিন একটি বিড়াল আমাদের ঘরের দুয়ারে উঁকি দিচ্ছিল। ওকে খেতে দিলাম। আস্তে আস্তে সে আরও দু-একটি বিড়ালকে সঙ্গে আনল। খাবার ও আদর পেয়ে তারা বশ হলো এবং বাড়িতে প্রবেশাধিকার পেল। একদিন বোঝা গেল, তাদের একটি বিড়াল সন্তানসম্ভবা। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি বিড়ালটি তিনটি সুন্দর বাচ্চার জন্ম দিল। নাম রাখা হলো—উচ্চিংড়ে, ফুলন আর ছোট মাটো। প্রথম যে বিড়ালটি এসেছিল, সে ওদের বাবা, বড় মাটো।

কেন জানি না, ছোট মাটোকে আমরা একটু বেশিই আদর করতাম। ওর নিউটার করানো হয়েছিল, প্রতি শীতের আগে ফ্লুর টিকা দিতাম। নিয়মিত কেজি কেজি তেলাপিয়া মাছ আনতাম। মোটকথা, ওদের পেছনে বিশাল অঙ্কের খরচ, কিন্তু ভালোবাসার কাছে অর্থ পরাজিত।

ছোট মাটো ছিল পুরুষ, ওর তেজ ছিল বাঘের মতো। পাড়ার অন্য বিড়ালের সঙ্গে মারামারি করত। এলাকায় সে–ই ছিল রাজা। সে আমাদের সঙ্গে বিছানায় ঘুমাত, শীতের দিনে একই লেপে আমার সঙ্গে শুয়ে থাকত। বাইরে গেলে নাম ধরে ডাকতাম, ‘ছোট মাটো, ছোট মাটো, আয়, আয়’। সে সঙ্গে সঙ্গে চলে আসত, জানত তার নাম ছোট মাটো। ভোরবেলায় তার বেশি ক্ষুধা লাগত। আমার ঘুম ভেঙে যাবে মনে করে সে দরজার সামনে এসে আস্তে আস্তে ডাকত, ‘মিউ’। আমার ছেলের সঙ্গে তার সবচেয়ে ভাব ছিল, তার জায়নামাজের পাশে বসে থাকত। সে অফিস থেকে ফিরলে দরজার কাছে স্বাগত জানাতে অপেক্ষা করত। খুলনার বাইরে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে দেখলে বুঝতে পারত, স্যান্ডেলে দুই পা ঢুকিয়ে বসত, ব্যাগের ভেতর ঢুকে পড়ত; যেন ‘যেতে নাহি দিব’। মজার বিষয়, আমরা দরজার ছিটকিনি লাগালে ও দুই পা উঁচু করে খোলার চেষ্টা করত। ভাবত, এভাবে দুই পা উঁচু করলেই যেন দরজা খুলতে পারবে।

প্রতিবছর ওর জন্মদিন উদ্​যাপন করতাম কেক কেটে। ধীরে ধীরে পাঁচ বছর বয়স হয়ে গেল। হঠাৎ খেয়াল করলাম, কিছুদিন থেকে সে খাওয়া বন্ধ করে দিয়েছে, প্রাণচাঞ্চল্য নেই। ডাক্তার রক্ত পরীক্ষা করে বললেন কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত। ওষুধ দেওয়ার পর সেরে উঠলেও ওষুধ শেষ হতেই আবার অসুস্থ। সিরিঞ্জে করে দুধ খাওয়ানো শুরু হলো, অন্য কিছু খেত না। ডাক্তার আশা ছেড়ে দিয়ে বললেন, আল্লাহই শেষ ভরসা। সেই ওষুধ সারা দেশে খুঁজেও পাওয়া গেল না। চোখের সামনে আদরের ছোট মাটো এভাবে ধুঁকছিল। দিন দিন দুর্বল হয়ে সে চুপচাপ বসে থাকত, খাবার শুঁকত কিন্তু মুখে নিত না। কিডনি বিকল হওয়ায় পেটটা ফুলে গিয়েছিল।

সেদিন শুক্রবার, খোলা গেট দিয়ে সোজা আমার খাটের তলায় ঢুকল। চারদিকে আটকানো খাট থেকে কষ্ট করে বের করে ওকে সিরিঞ্জে পানি ও দুধ খাওয়ানো হলো। সন্ধ্যায় ছেলের ঘরের পাপোশের ওপর ভাজা দাঁতনে মাছ দিলাম, সামান্য খেল। রাতে সে বেশি বাইরেই থাকত।

এরপর এল অভিশপ্ত শনিবার, চলতি বছরের ২২ আগস্ট। সেই রাতে আমার ঘুম হয়নি, ভোরে দরজা খুলে রেখেছিলাম, সে নিশ্চয়ই আসবে। একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসতেই খাটের তলা থেকে তীব্র গোঙানি শুনতে পেলাম, ‘আঁ, আঁ, আঁ...’। ওর এমন গোঙানি কোনো দিন শুনিনি। ছেলেকে বললাম, ছোট মাটো কেমন যেন করছে। ওকে শিগগিরই ডাক্তারের কাছে নিয়ে যা। খাটের তলা থেকে টেনে বের করতেই একটা হেঁচকি দিয়ে গোঙানি থেমে গেল, চিরতরে মুক্তি পেল সে, সকাল ৭টা ৩০ মিনিটে। কান্নাকাটির রোল পড়ে গেল, আমাদের আদরের ছোট মাটো চিরদিনের মতো এই সংসার ছেড়ে চলে গেল।

এখনো বিশ্বাস হয় না। তার গলার সবুজ বেল্ট, ওষুধের শিশি, সিরিঞ্জ, টিকা কার্ড ব্যাগে রেখে দিয়েছি। আজও ফ্রিজে কয়েক টুকরা দাঁতনে মাছ আছে, যা কোনো দিন আমাদের গলা দিয়ে নামবে না; ওটাই ছিল তার শেষ সলিড খাবার। প্রতি শনিবার এলেই মনে পড়ে অভিশপ্ত সকাল ৭টা ৩০ মিনিটকে। সারা বাড়িতে, মাঠে ছিল তার মায়ামাখা বিচরণ, এখন মাঠের দিকে তাকাতেই পারি না। কত রাত নীরবে কাঁদি। কয়েক দিন পরই ছিল ফ্লুর টিকার তারিখ। এখন আর টাকা খরচ বা কষ্ট করতে হবে না। সব দায়িত্ব থেকে মুক্তি দিয়ে সে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। বিড়ালেরা গায়ে পানি লাগলে সহ্য করতে পারে না, অথচ সে এখন মাটির তলায় বৃষ্টিতে ভেজে—ভাবলেই বুকটা হাহাকার করে ওঠে। ছোট মাটো শুধু বিড়াল ছিল না, সে ছিল আমাদের বাড়ির সদস্য। তার ব্যবহারের জিনিসগুলো বুকে আঁকড়ে বেঁচে থাকব দিন, সপ্তাহ, মাস, বছর—যত দিন বাঁচব। সে যে আমার ছোট মাটো, আমাদের ছোট মাটো।

সৈয়দা লুৎফুন নাহার, সাবেক অধ্যক্ষ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা

Read full story at source