পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: শফিকুর রহমান
· Prothom Alo

পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
Visit afnews.co.za for more information.
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়।
এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে।
জামায়াত আমির বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় সংসদ সদস্যরা বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।