সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে
· Prothom Alo

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচারের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর।
Visit somethingsdifferent.biz for more information.
গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামি দুজনের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মঙ্গলবার এ বিষয়ের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল এবং একই সাথে তাঁদের জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা এজাহারে উল্লিখিত ঘটনার বাইরেও নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র-সরকারবিরোধী মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠনকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা আলামত পর্যালোচনা করে আরও কয়েকটি গ্রুপের সন্ধান, নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং অবসরপ্রাপ্ত কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে আবেদনে।
আবেদনে আরও বলা হয়, আসামিরা ও তাঁদের সহযোগীরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ প্রতিষ্ঠা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন। এসব গ্রুপে পলাতক রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তাঁদের সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পলাতক ব্যক্তিদের নাম-ঠিকানা ও অবস্থান জানার জন্য আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ মামলায় মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামত যাচাইয়ে কিছু অসংগতি ও রহস্যজনক তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে দুই আসামিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীর নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১২ অক্টোবর তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পল্লবীতে কাজী গুলশান আরার বাসায় বসে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট তৈরি করে প্রচার করতেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ‘কালআজকাল ডটকম’ নামের একটি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি ব্যবহার করেও সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কনটেন্ট প্রচার করা হতো বলে মামলায় উল্লেখ করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন কাজী গুলশান আরা। পরে তিনি ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কুৎসামূলক প্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছিলেন। তাঁদের সঙ্গে দেশি-বিদেশি গুপ্তচরের যোগাযোগ রয়েছে বলেও এজাহারে দাবি করা হয়।
এ ঘটনায় পল্লবী থানার পরিদর্শক মো. আলী আকবর বাদী হয়ে দণ্ডবিধির ১২৪ ক ধারা, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১), ১০, ১১ ও ১২ ধারা এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫ ধারায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।