পরিবেশ সংরক্ষণে দরকার জনসাধারণের ‘সচেতনতা’
· Prothom Alo

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–৯
∎ বিস্তৃত প্রশ্ন
Visit sports24.club for more information.
প্রশ্ন: পানিদূষণের চারটি প্রধান কারণ উল্লেখ করো। মাছের অভাবে মানুষের কোন ধরনের খাদ্যের অভাব হয়?
উত্তর: পানিদূষণের চারটি প্রধান কারণ হলো—
১. পানিতে ময়লা, আবর্জনা ও মানুষের মল ফেলা।
২. শিল্পকারখানা ও হাসপাতালের বর্জ্য পানিতে ফেলা।
৩. কৃষিজমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার।
৪. শিল্পকারখানায় উৎপন্ন তরল বর্জ্য পদার্থ পানিতে ফেলা।
পানিদূষণের কারণে মাছ ও অন্যান্য জীবের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মাছের অভাবে মানুষের প্রাণিজ প্রোটিন পাওয়ার সম্ভাবনা কমে যায়।
প্রশ্ন: বায়ুদূষণের প্রভাবে কীভাবে মানুষের আবাসস্থল কমে যায়, তা তিনটি বাক্যে লেখো। বায়ুদূষণের কারণে মানুষের কী ধরনের রোগ হতে পারে, তিনটি উদাহরণ দাও।
উত্তর: বায়ুদূষণের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে পৃথিবীর নিচু ভূমিগুলো পানিতে ডুবে যাওয়ায় মানুষের আবাসস্থল কমে যায়।
দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কারণে মানুষের ফুসফুসে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। বায়ুদূষণের কারণে মানুষের হতে পারে—এমন তিনটি রোগ হলো—
১. শ্বাসকষ্ট।
২. অ্যাজমা।
৩. ফুসফুসের ক্যানসার।
প্রশ্ন: পরিবেশদূষণের কারণে কীভাবে নিচু ভূমি পানিতে ডুবে যাচ্ছে, তা তিনটি বাক্যে লেখো। পরিবেশদূষণে জীববৈচিত্র্য কীভাবে প্রভাবিত হয়, তা তিনটি বাক্যে লেখো।
উত্তর: পরিবেশদূষণের কারণে পরিবেশের ওপর নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। বায়ুদূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পৃথিবীর নিচু ভূমি পানিতে ডুবে যাচ্ছে।
পরিবেশদূষণের কারণে মাটিতে গাছপালা জন্মাতে পারে না; যেমন মাটিদূষণের কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে এবং ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে। পানিদূষণের কারণে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এভাবে দূষিত পরিবেশে গাছপালা ও প্রাণী টিকতে পারছে না, যা জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ করার জন্য আমাদের কী কী কাজ পরিহার করতে হবে? বর্জ্য পদার্থ কোথায় ফেলা উচিত?
উত্তর: পরিবেশ সংরক্ষণ করার জন্য আমাদের যেসব কাজ পরিহার করতে হবে, তা হলো—
১. পুকুর, খাল, বিল বা নদী–নালার পানিতে মলমূত্র ও তরল বর্জ্য ফেলা।
২. যেখানে–সেখানে বর্জ্য পদার্থ ফেলা।
৩. জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার।
৪. বিদ্যুৎ ও জ্বালানির অপচয় করা।
বর্জ্য পদার্থ যেখানে–সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলা উচিত। এর ফলে পরিবেশদূষণ প্রতিরোধ করা যায়।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণে তোমার এলাকার মানুষকে কীভাবে সচেতন করতে পারো, সে সম্পর্কে তিনটি বাক্য লেখো। পরিবেশদূষণের কারণে কীভাবে মানুষের আবাসস্থল কমে যাচ্ছে, সে সম্পর্কে তিনটি বাক্য লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণে আমার এলাকার মানুষকে সচেতন করার জন্য আমি বন্ধুদের সঙ্গে মিলে সচেতনতামূলক পোস্টার তৈরি করে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে লাগাতে পারি। বাড়ি বাড়ি গিয়ে যেখানে–সেখানে ময়লা না ফেলার জন্য এবং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ করতে পারি। আমি এলাকার বড়দের সঙ্গে কথা বলে একটি সামাজিক বনায়ন কর্মসূচি আয়োজন করার চেষ্টা করতে পারি।
পরিবেশদূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। গলে যাওয়া বরফের পানি সমুদ্রে মিশে সমুদ্রের পানির উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে নিচু ভূমিগুলো ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে, যা মানুষের আবাসস্থল কমিয়ে দিচ্ছে।
প্রশ্ন: দূষিত পানি দিয়ে ফসল উৎপাদন করলে কী হয়? পানিবাহিত তিনটি রোগের নাম লেখো।
উত্তর: পানিদূষণের কারণে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এ কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দূষিত পানি ব্যবহারের কারণে ফসলের উৎপাদন কমে যায়। ফসল উৎপাদনের জন্য পানি ব্যবহার করতে অসুবিধা হয়। দূষিত পানি দিয়ে উৎপাদিত ফসল খেলে মানুষ ও অন্যান্য জীবের বিভিন্ন রোগ দেখা দেয়।
পানিবাহিত তিনটি রোগের নাম হলো—
১. কলেরা।
২. ডায়রিয়া।
৩. আমাশয়।
প্রশ্ন: বায়ুদূষণের কারণে কী কী ক্ষতি হয়? বায়ুদূষণের কারণে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।
উত্তর: বায়ুদূষণের কারণে যেসব ক্ষতি হয়—
১. বাতাসে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়ায়।
২. মানুষের শ্বাস নিতে অসুবিধা হয়।
৩. মেরু অঞ্চলের বরফ গলে যায়, যে কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়।
৪. দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হয়।
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা