১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার ঘোষণা দিল আহসান মনসুরের এম ক্যাপিটাল
· Prothom Alo

প্রবাসী বাংলাদেশিদের পুঁজি দেশের উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।
Visit biznow.biz for more information.
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে এক বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এম ক্যাপিটাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। এম ক্যাপিটালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা ও আধুনিক প্রযুক্তিকে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রবাসীদের প্রযুক্তি, দক্ষতা ও উৎপাদনশীলতার বিভিন্ন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
আশিক চৌধুরী দেশের অর্থনীতিতে চলমান পরিবর্তন ও সংস্কারের কথা তুলে ধরে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে ব্যবসার বাস্তব পরিবেশ নিজ চোখে দেখার আহ্বান জানান।
এম ক্যাপিটালের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যে ১০০ কোটি ডলারের কাঠামোর আওতায় তিনটি বিশেষায়িত তহবিল গঠন করা হবে। সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড। তহবিলগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইনের অধীন পরিচালিত হবে। স্বাধীন উপদেষ্টা তদারকি ও দুই বছরের লক-ইন মেয়াদ থাকবে। ব্র্যাক ব্যাংক ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে। বিশ্বের ১০০টি শহরে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের পৌঁছানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
আহসান এইচ মনসুরের বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয়, এটি পরিবর্তনের আহ্বান। এর লক্ষ্য হচ্ছে প্রবাসীদের পুঁজি, নেটওয়ার্ক ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগ গন্তব্যে রূপান্তর করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এম ক্যাপিটাল লিমিটেড প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের পুঁজি বাংলাদেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় ঢাকার বনানীতে।