ক্যানসারে আক্রান্ত কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল বাবুর স্বাস্থ্য পরীক্ষা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

· Prothom Alo

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আসামিপক্ষ থেকে এ আবেদন করা হয়।

Visit freshyourfeel.org for more information.

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ বলেন, মোজাম্মেল বাবু প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ২০২৩ সালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচার হলেও ক্যানসারের বর্তমান অবস্থা জানতে তাঁর নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করানো প্রয়োজন। কারাগারে স্বাস্থ্যের অবনতি হলে গত বছরের ২৬ জুলাই কারা কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছিল। তবে সেই পরীক্ষার প্রতিবেদন আসামির পরিবার বা আইনজীবীকে জানানো হয়নি। ফলে তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁরা অন্ধকারে রয়েছেন।

এ অবস্থায় মোজাম্মেল বাবুর স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানতে দ্রুত নতুন করে স্বাস্থ্য পরীক্ষার আবেদন করেন তাঁর আইনজীবী। একই সঙ্গে তিনি আবেদন করেন, নতুন পরীক্ষার ফলাফল যেন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং গত বছরের ২৬ জুলাইয়ের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন যেন পরিবার বা আইনজীবীকে দেওয়া হয়।

আইনজীবী হামিদুল মেজবাহ প্রথম আলোকে বলেন, শুনানি শেষে ট্রাইব্যুনাল গত বছরের ২৬ জুলাই করা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। ওই প্রতিবেদন পাওয়ার পর ট্রাইব্যুনাল নতুন করে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে আসামি করা হয়। সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকেও এই মামলার আসামি করা হয়েছে।

Read full story at source