জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতাকে শোকজ
· Prothom Alo

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। গতকাল রোববার রাতে ওই ছাত্রদল নেতাকে শোকজ করা হয়।
Visit rouesnews.click for more information.
ফেসবুকে পোস্ট দেওয়া ওই ছাত্রদল নেতার নাম সাজ্জাদ হোসেন ওরফে হৃদয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাজ্জাদ হোসেন তাঁর ফেসবুক আইডিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে পোস্টটি দেন। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’
এই পোস্টের পর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে তাঁকে শোকজ করা হয়। নোটিশে সাজ্জাদ হোসেনকে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।’
সাজ্জাদ হোসেনের ফেসবুক পোস্ট।সাজ্জাদ হোসেনকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ নির্দেশনা দিয়েছেন।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি আমার সংগঠনের প্রতি অনুগত। আমাকে শোকজ করার পাশাপাশি ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি অবশ্যই যথাস্থানে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।’
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ফেসবুক পোস্টের জন্য, নাকি অন্য কোনো কারণে শোকজ করা হয়েছে, সেটি আমি অবগত নই। তবে শোকজ যে করা হয়েছে, সেটা আমি জানি।’
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা। গতকাল রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন দাম গতকাল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিগত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোয় জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কেরোসিনের দাম লিটারে ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রলের দাম ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ আর অকটেনের দাম ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে।