সোনারগাঁয়ে দৌড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

· Prothom Alo

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৌড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে টিপু সুলতান (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁও রানার্স নামে একটি শরীরচর্চাবিষয়ক সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে ‘সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬’ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ছয়টায় পৌরসভার পানামনগর-সংলগ্ন আমিনপুর মাঠ থেকে দৌড় শুরু হয়। এতে সারা দেশ থেকে আসা প্রায় ৬০০ দৌড়বিদ অংশ নেন।

Visit rouesnews.click for more information.

প্রায় সাড়ে সাত কিলোমিটারের দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকেরা জানান, প্রায় সাড়ে সাত কিলোমিটারের দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় চিকিৎসা দলের সদস্যরা তাঁকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত টিপু সুলতান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঠখাল গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।

‘সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬’-এর মুখ্য আয়োজক শিমুল ভূঁইয়া বলেন, ‘সারা দেশ থেকে আসা প্রায় ৬০০ দৌড়বিদের মধ্যে টিপু সুলতানও একজন ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়ার পর দ্রুত মেডিকেল টিমের সহায়তায় তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

টিপু সুলতানের মৃত্যুতে দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও আয়োজক কমিটির সদস্যরা শোক প্রকাশ করেছেন।

Read full story at source