রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধার পাশে প্রশাসন, পুলিশ ও স্থানীয়রা

· Prothom Alo

দুই যুগের বেশি আগের কথা। এক দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দায় থামা এক ট্রেন থেকে রেলস্টেশনে নেমেছিলেন বাক্‌প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। এ স্টেশনই হয়ে ওঠে তাঁর আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ নানা পরিচ্ছন্নতার কাজ করছেন তিনি।

Visit xsportfeed.quest for more information.

এখন ববি বেগমের বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে ন্যুব্জ এই নারীকে মানবিক বিবেচনায় স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয় কর্তৃপক্ষ।
স্টেশন ও আশপাশের মানুষ এবং অনেক যাত্রী ববি বেগমকে চিনতেন। কেউ খাবার দিতেন, কেউ ৫-১০ টাকা করে সহায়তা করতেন। খরচ না করে সেই টাকাই দীর্ঘ ২০-২৫ বছর ধরে জমিয়েছিলেন তিনি।

গত শনিবার রাতে সেই জমানো টাকার জন্য হামলার শিকার হন ববি বেগম। মেথিকান্দা রেলস্টেশনের পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত তাঁকে মারধর করে এবং দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকে। এরই মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ববি বেগম অন্তত ২০ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতার কাজ করছেন। আপন বলতে কেউ না থাকায় স্টেশনের একটি ছোট কক্ষেই তাঁর বসবাস। বয়স ও বাক্‌প্রতিবন্ধকতা নিয়েও তিনি নিয়মিত স্টেশন পরিষ্কার রাখতেন। স্থানীয় মানুষ ও যাত্রীদের সহায়তায় তাঁর খাবারের ব্যবস্থা হতো। যাত্রীরা যে টাকা দিতেন, তিনি তা কক্ষেই জমিয়ে রাখতেন।

গত শনিবার রাত প্রায় দুইটার দিকে ববি বেগম ঘুমিয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর কক্ষে ঢুকে জমানো টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে চোখ-মুখে কিল-ঘুষি ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। পরে কক্ষে লুকিয়ে রাখা দীর্ঘদিনের সঞ্চয় খুঁজে নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন সকালে ঘটনাটি জানাজানি হয়।

মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিম বলেন, বৃদ্ধ বাক্‌প্রতিবন্ধী এই পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা ও টাকা লুটের ঘটনা পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তাঁর পাশে দাঁড়িয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন থেকে চারজন মাদকাসক্তকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্টেশনে বসবাসকারী এই বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধার সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন নিয়েছে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। তিনি বলেন, ববি বেগমকে চাল-ডালসহ শুকনা খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি তিনি যেন জীবনের বাকি সময় স্টেশনের ওই কক্ষেই নিরাপদে থাকতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।

Read full story at source