পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির পুশব্যাক
· Prothom Alo

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আবার ভারতে ফেরত পাঠান। আজ রোববার সকাল আটটার দিকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব–পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বেলা তিনটা পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
Visit asg-reflektory.pl for more information.
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার একটি ডোবায় ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা হয়েছে। ডোবার এপারে অবস্থান নিয়েছেন বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। অন্য পাশে বিএসএফ।
স্থানীয় লোকজনের ভাষ্য, সকালে সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। তখন ওই বৃদ্ধ তাঁদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে বলেন, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান।
হাটখোলা গ্রামের বাসিন্দা বাবু হোসেন বলেন, ‘বৃদ্ধ লোকটি খুব তৃষ্ণার্ত ছিলেন। তিনি এপারে এসে পানি খেতে চান। আমরা তাঁকে পানি দিই। পরে বিজিবির সদস্যরা এসে তাঁকে ভারতের সীমান্তে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ তাঁকে আবার শূন্যরেখায় বসিয়ে রাখে।’ তিনি বলেন, ভারতের মথুরাপুর বিএসএফ ক্যাম্পের কাছে অনেক লোকজনকে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, তাঁদেরও বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হতে পারে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইন করেছিল। তাঁরা তাঁকে পুশব্যাক করেছেন। তিনি ভারতের নাগরিক। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।