রাজশাহীতে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যা দাবি পরিবারের
· Prothom Alo
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের পরদিন একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের একটি খেজুরগাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।
Visit moryak.biz for more information.
পরিবারের দাবি, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত হুমায়রা জান্নাত (৪) দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল হুমায়রা। একপর্যায়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন রাতভর বাড়ির আশপাশ, পুকুর ও ঝোপঝাড় এলাকায় তল্লাশি চালায়। কিন্তু কোথাও শিশুটির সন্ধান মেলেনি। শনিবার সকাল আটটার দিকে হুমায়রার বাবা তাঁর ফেসবুক আইডিতে মেয়ের সন্ধানদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এরপর বেলা দুইটার দিকে বাড়ির পাশের একটি খেজুরগাছের নিচে শিশুটির লাশ পাওয়া যায়।
হুমায়রার বাবা হাসিবুল ইসলামের দাবি, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, শিশুটিকে বিষ খাওয়ানো হয়ে থাকতে পারে। শিশুটির মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও হাসিবুল বলেন, কয়েকজনের ওপর তাঁর সন্দেহ রয়েছে। পারিবারিক ও প্রতিবেশী পর্যায়ে ছোটখাটো বিরোধ ছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, নিখোঁজের পরদিন বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে শিশুটির লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানান।