ফ্রেমে ধরা পড়ুক জীবনের গল্প

· Prothom Alo

ফটোগ্রাফি মানে শুধু ছবি তোলাই নয়, এটি একটি গল্প বলার শক্তিশালী মাধ্যম। একটি মানসম্পন্ন ছবির সার্থকতা দামি ডিভাইসে নয়, বরং আলোকচিত্রীর দেখার চোখ এবং শৈল্পিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। এই মূলমন্ত্রে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘ফটোগ্রাফি। ওয়ার্কশপ : শট অ্যান্ড এডিট'। গত ২৪ এপ্রিল বিকেলে প্রথম আলো চট্টগ্রাম অফিসের বন্ধুসভাকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন একঝাঁক তরুণ-তরুণী।

Visit saltysenoritaaz.org for more information.

প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্রাভেল, লাইফস্টাইল ও স্ট্রিট ফটোগ্রাফার মোহাম্মদ রুবেল। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান কীভাবে চারপাশের সাধারণ দৃশ্যের ভেতর থেকেও অসাধারণ সব মুহূর্ত খুঁজে বের করা যায়।

মোহাম্মদ রুবেলের আলোচনায় গুরুত্ব পায় চারটি বিষয়। দৃষ্টিভঙ্গি, কম্পোজিশন ও লাইটিং, মোবাইল ফটোগ্রাফি টিপস ও বেসিক এডিটিং। এর মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শিখেছেন সাধারণের ভেতর থেকে অসাধারণ ছবি বের করে আনার কৌশল— সঠিক ফ্রেম, নান্দনিক অ্যাঙ্গেল ও আলোর সুনিপুণ ব্যবহার; স্মার্টফোনের মাধ্যমেই প্রফেশনাল ছবি তোলার পদ্ধতি এবং সহজলভ্য মোবাইল অ্যাপ ব্যবহার করে ছবিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলার কৌশল।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ সৃজনশীলতা প্রয়োগ করে প্রজেক্ট জমা দেন। ২৭ এপ্রিল অনলাইনে কর্মশালার একটি ইভাল্যুশন সেশনের আয়োজন করা হয়। জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে বিষয়বস্তু ও নির্মাণশৈলী বিচারে তিনজন বিজয়ী ও সেরা পাঁচটি ছবি নির্বাচন করা হয়। বিজয়ীরা হলেন নুরুল্লাহ সিদ্দিকী, পিয়াল ধর ও কেলি দাশ ইমন। এ ছাড়া প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজন প্রসঙ্গে চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘সৃজনশীলতা প্রকাশের সঠিক মাধ্যম জানা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় দক্ষতা। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশ এবং নিজেদের দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে।'

কর্মশালা সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক বহ্নিশিখা পর্ণা। কারিগরি ও আইটি সহযোগিতায় ছিলেন বন্ধু আবদুল্লাহ আল মাসুম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রচার সম্পাদক সাকিব জিশান, দপ্তর সম্পাদক জয় চক্রবর্ত্তী ও বন্ধু মাহফুজ রহমান।

প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা

Read full story at source