প্রতীক পুড়িয়ে যাচ্ছি, ভাবছি নিছকই কাগজ

· Prothom Alo

সিসিফাসগুচ্ছ

এক.
আপেল গড়িয়ে পড়ে যাচ্ছি
আপেলের বিষও যাচ্ছি ছড়িয়ে
বীজের ভেতরে লেপটে থাকছে
বসন্তের সশব্দ শিমুল

সমস্ত অঙ্কুরোদ্‌গম ছাড়িয়ে
এবার
উঠে বসবে তোমার সমস্ত পাহাড়

গড়িয়ে পড়ার আগে আগে
একটু দাঁড়াও
তোমার জন্য রংধনু হয়ে যাই

আপেলগুলো বড় রূপান্তরপ্রবণ
ভাসতে থাকলে বোঝা যায় না তার
অলীক ছায়ারঞ্জন

দুই.
ভাঙন এড়াতে গড়িয়ে পড়ে যাচ্ছি
সিঁড়িতে সাঁকোতে দাঁড়িয়ে যাচ্ছে
কাচ-ভাঙাজল
ধুলোর ভেতরে ছড়িয়ে যাচ্ছি
ভাঙনের ভয়

রোদের ভেতরে নামছে রোদ
বৃষ্টির কাছে পেতেছি বালি-চোখ

দুর্জন ভেবে এড়িয়ে যাচ্ছে লোক

Visit sportbet.reviews for more information.

তিন.
সঙ্গত কারণে ভেঙে যাচ্ছি গান
মাঝপথে সুর
মিশে থাকা ছন্দ ছাড়িয়ে যাচ্ছি
বিশুদ্ধ ভুলের বিপরীতে

কাঠিতে দাঁড়িয়ে আছি মাছরাঙা পাখি
সিঁড়ি ভেঙে গানগুলোর ভেঙে যাওয়া দেখি

চার.
ভেঙে যাচ্ছি মানুষ
নতুন চিতায় জ্বলছে পুরোনো কাপড়
প্রতীক পুড়িয়ে যাচ্ছি, ভাবছি নিছকই কাগজ
চুমু দিচ্ছি কাকে? পুরোনো যাকে ভাবছে জন্মভূমি

ফসকে যাওয়া আপেল করছে গোয়ার্তুমি

পাঁচ.
চুমু দিচ্ছি চোরাবালি
পা ছাড়িয়ে বুকের ভেতরে
গেঁথে যাচ্ছি জলে জলে

জানোনি কেন
মাথা পর্যন্ত ডুবে যাবে তোমার
এ রকম কৌশলে!

ভুল কানে শুনেছ সমুদ্রের রব
প্রাণও নেই, চোরাবালি খেয়ে নিয়েছে সব

Read full story at source