টানা দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,২১৬ টাকা
· Prothom Alo
আজ আবারও বাড়ল সোনার দাম। এ নিয়ে টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ল। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গতকাল বুধবার সোনার দাম কমানো হয়েছিল। তবে এর আগে একাধিকবার সোনার দাম কমানো হয়েছে।
সোনার নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২১৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
আজ সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। আজ সকাল পর্যন্ত দাম ছিল ৫ হাজার ৬৫৭ টাকা।
২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৬৭ ডলার কমেছে। তবে কয়েক দিন ধরে সোনার দাম কিছুটা বাড়ছে, সে কারণেই দেশের বাজারে টানা দুই দিন সোনার দাম বাড়ানো হলো।
নিউইয়র্কের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইতিমধ্যে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৭ ডলার বেড়েছে। সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলার। যদিও চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল।
এখন কয়েক দিন ধরে সোনার দাম বাড়লেও চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।