১২ হাজার বছরের পুরোনো পাশার খোঁজ

· Prothom Alo

মানুষের বিনোদন এবং গণিতচর্চার ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় উত্তর আমেরিকায় ১২ হাজারের বছরের বেশি পুরোনো পাশা বা জুয়ার ঘুঁটির সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, কারণ এর আগে এশীয় বা মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে পাওয়া পাশাগুলোকে বিশ্বের প্রাচীনতম মনে করা হতো। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির নৃবিজ্ঞানী রবার্ট ম্যাডেনের এই গবেষণাপত্র সম্প্রতি আমেরিকান অ্যান্টিকুইটি জার্নালে প্রকাশিত হয়েছে।

আমরা বর্তমানে যে ছক্কা বা লুডুর ঘুঁটি দেখি, এই প্রাচীন পাশা দেখতে তেমন ছিল না। এগুলো ছিল মূলত হাড় বা কাঠের তৈরি দ্বিমুখী বস্তু। অনেকটা মুদ্রা নিক্ষেপের মতো করে এগুলো ব্যবহার করা হতো। দুই পিঠে ভিন্ন ভিন্ন রঙের প্রলেপ বা দাগ থাকত, যা থেকে খেলার ফলাফল বা র‍্যান্ডম আউটকাম নির্ধারিত হতো। রবার্ট ম্যাডেন এই বস্তুগুলোকে পাশা হিসেবে শনাক্ত করার জন্য চারটি বিশেষ বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন। এসব বস্তু হাড় বা কাঠের তৈরি এবং দ্বিমুখী। পাশায় দুই পিঠের পার্থক্য স্পষ্ট করার জন্য রং বা বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এগুলোর উপরিভাগ সমতল বা সামান্য বাঁকানো। আকার ও আকৃতি এমন ছিল, যাতে একসঙ্গে অনেকগুলো হাতে নিয়ে মেঝেতে ছুড়ে মারা যায়।

Visit somethingsdifferent.biz for more information.

এত দিন ঐতিহাসিকেরা মনে করতেন, পাশা খেলা বা সম্ভাবনা–সংক্রান্ত ধারণা কেবল এশিয়া-ইউরোপের উদ্ভাবন। কিন্তু ম্যাডেনের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। তিনি উত্তর আমেরিকার ৫৭টি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে ৫৬৫টি এমন বস্তু খুঁজে পেয়েছেন, যা নিশ্চিতভাবেই পাশা হিসেবে ব্যবহৃত হতো। এই পাশাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ফলসাম সংস্কৃতির, যা প্রায় ১২ হাজার ২০০ থেকে ১২ হাজার ৮০০ বছর পুরোনো। এমনকি একটি গুটি ক্লোভিস মানুষের সময়কার হতে পারে, যা প্রায় ১৩ হাজার বছরের প্রাচীন। এর আগে এশিয়া বা মধ্যপ্রাচ্যে পাওয়া প্রাচীনতম পাশার বয়স ছিল মাত্র ৫ হাজার ৫০০ বছর। আমেরিকান আদিবাসীরা গণিত এবং দৈবচয়নের এই ধারণা অন্তত হাজার বছর আগে থেকেই রপ্ত করেছিল।

ইতিহাসবিদদের মতে, পাশা বা জুয়ার উদ্ভাবন কেবল বিনোদনের জন্য নয়, মহাবিশ্বের অনিশ্চয়তা এবং সম্ভাবনা বোঝার ক্ষেত্রে মানবজাতির প্রথম পদক্ষেপ। ম্যাডেন তাঁর গবেষণায় উল্লেখ করেছেন, এই খেলা কেবল জুয়া ছিল না; একই সঙ্গে আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সামাজিক সংহতি ও সংমিশ্রণের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করত। যদিও কেউ কেউ দাবি করতে পারেন, এসব ধর্মীয় কাজে বা ভাগ্য গণনায় ব্যবহৃত হতো, তবে ম্যাডেন মনে করেন, খেলা হিসেবে এর ব্যবহারের প্রমাণই বেশি শক্তিশালী।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

Read full story at source