মিরসরাইয়ে পেট্রলবোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

· Prothom Alo

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ শনিবার ভোরে ব্যাংকটির মিরসরাই উপজেলা সদর শাখায় এ ঘটনা ঘটে।

Visit syntagm.co.za for more information.

গ্রামীণ ব্যাংক মিরসরাই সদর শাখাটির ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, পেট্রলবোমা ছুড়ে অগ্নিকাণ্ড ঘটানোর সময় রনজিত কুমার নাথ নামের ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী দায়িত্বরত ছিলেন। ভোরের আলো ফোটার কিছু সময় আগে ওই নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা ব্যাংকের নিরাপত্তাদেয়ালের ভেতরে ঢুকে পড়ে। এরপর প্রথমে গানপাউডার ছিটায়। পরে তিনটি পেট্রলবোমা ছুড়ে। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হলেও একটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি আলামত হিসেবে জব্দ করেছে।

পেট্রলবোমা ছোড়ার পর ব্যাংকের সামনের অংশে থাকা সাইনবোর্ড, সদর দরজার ভেতরে ও দ্বিতীয় তলায় আগুন ধরে যায় বলেও জানান শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আগে থেকেই পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা থাকায় বালু ও বালতিভর্তি পানি মজুত রেখে আমাদের অগ্নিনির্বাপণের পূর্বপ্রস্তুতি ছিল। যার কারণে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও ভেতরে থাকা কর্মকর্তারা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে পুলিশের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের শাখা পরিদর্শন করেছেন।’

আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাংকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাছের আড়াল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় ছোড়া হলো দুটি পেট্রলবোমা

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর শাখায় অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি। এই ঘটনায় ব্যাংকটির কোনো কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেননি।’

Read full story at source