টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

· Prothom Alo

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ে ১৫ কেজি ওজনের কোরাল মাছ। আজ দুপুরে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন ওই জেলে।

Visit catcrossgame.com for more information.

আজ শুক্রবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. হাসান (৪০) মাছটি ধরেন। বিকেলে শাহপরীর দ্বীপ বাজারে মাছটি বিক্রি করেন তিনি।

মো. হাসান বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে ছোট একটি ডিঙিনৌকা নিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট থেকে নাফ নদীতে যান তিনি। সকাল আটটার দিকে জেটিঘাট-সংলগ্ন নদীতে বড়শি ফেলেন। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করেন। রশি টেনে বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৫ কেজি।

হাসান বলেন, বিকেলে মাছটি বাজারে তুললে ক্রেতাদের ভিড় জমে যায়। মাছটির দাম হাঁকা হয়েছিল ২৫ হাজার টাকা। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী আতা উল্লাহ ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। এতে প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ৩০০ টাকা।

ব্যবসায়ী আতা উল্লাহ বলেন, পরে তিনি মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেন। সাধারণত এই বাজারে ৫ থেকে ৮ কেজি ওজনের কোরাল মাছ প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়। এসব মাছের বেশির ভাগ ঘেরে চাষ করা। তবে নাফ নদীর কোরালের স্বাদ বেশি। মাছ যত বড় হয়, স্বাদও তত বাড়ে। নাফ নদীর বড় কোরাল মাছ সর্বোচ্চ ২ হাজার টাকা কেজি দরে বিক্রির নজিরও রয়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, নাফ নদীর কোরাল মাছ বেশ সুস্বাদু। শীত মৌসুমে বড় আকারের কোরাল মাছের চাহিদা বেশি থাকে। মাঝেমধ্যে বড়শিতে বড় কোরাল ধরা পড়ে।

Read full story at source