শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি
· Prothom Alo

টিকাবিষয়ক নীতি নির্ধারণী কমিটি ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (নাইটাগ) নতুন করে গঠন করেছে সরকার। শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লাকে নাইটাগের সভাপতি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Visit freshyourfeel.org for more information.
দেশে কোনো টিকা নীতি নেই। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাইট্যাগ জাতীয় টিকা নীতি তৈরি করবে। পাশাপাশি টিকা প্রযুক্তির গবেষণা, ইপিআইতে নতুন টিকা সংযোজন, ইপিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে পরামর্শ দেবে নাইটাগ।
নতুন কমিটির সদস্য সংখ্যা ২১। বরাবরের মতো কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তরের প্রতিনিধি পদাধিকারবলে এই কমিটির সদস্য। এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার–১ কে কমিটির সদস্য করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওজিএসবি প্রতিনিধি, আইসিডিডিআরবির বিজ্ঞানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিসহ বেশ কয়েকজন টিকা, পুষ্টি, স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞকে কমিটির সদস্য করা হয়েছে।
টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাইটাগের ভূমিকা অনেক। নতুন টিকার প্রবর্তন, জাতীয় টিকা ক্যাম্পেইন—এসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাইটাগ বড় ভূমিকা রাখে। তবে বেশ কয়েক মাস ধরে নাইটাগকে নিষ্ক্রিয় দেখা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন কমিটি সক্রিয়ভাবে সরকার ও ইপিআইকে সহায়তা করবে।