‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার

· Prothom Alo

সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Visit asg-reflektory.pl for more information.

অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সালেহীন ও ইমরান আলীকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। ভিডিওতে সালেহীনকে বলতে শোনা যায়, ‘ওখানে কেউ গেছিল যুবদলের? ওর (অমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমান) জমি আছে, ও গেছে। ওর নাম দিবা, ওর পদবি দিছ কেন? নিজেকে খুব সেয়ানা মনে করো?’ একপর্যায়ে তিনি বলেন, ‘একবারে ফাটায় ফেলব! সময়মতো, জায়গামতো ফাটায় ফেলব। রোডের মধ্যে ফেলায়ে খুঁচব।’

জবাবে সাংবাদিক ইমরানকে উচ্চ স্বরে বলতে শোনা যায়, ‘কোথায় লিখছি দেখান…ফাটায় ফেলবেন? ফেলেন, আমাকে ধমক দেবার আপনি কে?’

স্থানীয় সূত্র জানায়, অমরপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা মেরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহানুর রহমানসহ কয়েকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বুধবার দুপুরে জাহানুর ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমিতে থাকা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। ‘চিরি নদী’ নামের একটি ফেসবুক পেজেও ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দলীয় পদ-পদবি উল্লেখ থাকার অভিযোগে সাংবাদিকের সঙ্গে সালেহীনের বাগ্‌বিতণ্ডা হয়।

সাংবাদিক ইমরান আলীর দাবি, তিনি নিজে এ বিষয়ে কোনো সংবাদ লেখেননি। তাঁর ভাষ্য, ‘গতকাল দুপুরে অমরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঠোফোনে আমাকে চিরিরবন্দর উপজেলা চত্বরে ডেকে নেন। সেখানে স্বাভাবিকভাবে কথা চলার একপর্যায়ে অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহীন সুলতান এসে আমাকে হুমকি দিতে শুরু করেন। রাস্তায় ফেলে পিষে মারার হুমকি দেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সালেহীন সুলতান প্রথম আলোকে বলেন, ‘জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অথচ প্রকাশিত সংবাদে যুবদল নেতার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়েই জানতে চাইছিলাম তার (ইমরান) কাছে। সেখানে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়েছে।’

সালেহীনের দাবি, কথা-কাটাকাটিতে উচ্চ স্বরে কথা হয়েছে, তবে হত্যার কোনো হুমকি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘সে যতগুলো কথা বলেছে, তার অর্ধেকও আমি বলিনি।’ জিডির বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, এক যুবদল নেতা স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন—এমন অভিযোগে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Read full story at source