বিয়ের জন্য চাপ কিশোরীর, কথা–কাটাকাটি ও ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা করেন তরুণ

· Prothom Alo

বিয়ের জন্য চাপ দিচ্ছিল ১৩ বছর বয়সী কিশোরী। এ নিয়ে কথা–কাটাকাটির এক পর্যায়ে ১৯ বছর বয়সী তরুণকে চড় মারে সে। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীকে শ্বাসরোধে হত্যা করেন ওই তরুণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের মুক্তাগাছায় কিশোরী হত্যা মামলায় আকিবুল (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।

Visit tr-sport.click for more information.

আজ মঙ্গলবার মুক্তাগাছা থানা–পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আকিবুলের সঙ্গে ওই কিশোরীর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সে তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান আকিবুল। পরে গল্প করতে করতে তাঁরা দুজন বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে যান। সেখানে দুজনের মধ্যে কথা–কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাকিয়া তাঁকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে আকিবুল তার গলা চেপে ধরেন। এতে জাকিয়া অচেতন হয়ে পড়ে। পরে তার ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আকিবুল।

পুলিশ আরও জানায়, হত্যার পর কিশোরীর মরদেহ একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন আকিবুল। এরপর তিনি বাড়ি চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। পরদিন বেলা ১১টার দিকে উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুরুতে কিশোরী হত্যার কোনো ক্লু (যোগসূত্র) মিলছিল না। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে সম্পর্কের তথ্য আসে। গতকাল তাঁকে (আকিবুল) আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Read full story at source