রেলওয়ের স্নিগ্ধার টিকিটে অস্নিগ্ধ যাত্রা: আইন আছে, প্রতিকার নেই

· Prothom Alo

১৯ নভেম্বর উপকূল এক্সপ্রেসের ঢাকা–ব্রাহ্মণবাড়িয়া পথে স্নিগ্ধা শ্রেণির যাত্রী হিসেবে আমার যা অভিজ্ঞতা হয়েছে, তা বাংলাদেশ রেলওয়ের একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাগত ব্যর্থতার প্রকাশ বলে মনে করি। কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ট্রেন ছাড়া, স্ট্যান্ডিং টিকিটধারী ও টিকিটবিহীন যাত্রীদের শীতাতপনিয়ন্ত্রিত কামরায় ঢুকে পড়া, আসনপ্রাপ্ত যাত্রীদের দাঁড়িয়ে যেতে বাধ্য করার ঘটনা প্রত্যক্ষ করেছি। অতিরিক্ত ভিড়ের কারণে টিকিটধারী অনেক যাত্রী নিজের আসনে যেতে পারেন না; দাঁড়িয়ে থাকা যাত্রীদের কটুকথার শিকারও হতে হয়। এমন পরিস্থিতিতে কোনো রেলকর্মী ও রেলওয়ে পুলিশের অনুপস্থিতি—সবই প্রমাণ করে যে বর্ধিত ভাড়ার বিনিময়ে প্রতিশ্রুত সেবা প্রদানে রেলওয়ে ব্যর্থ।

Visit truewildgame.com for more information.

কৌতূহল থেকেই এই বিষয়ে একজন যাত্রী কী কী প্রতিকার পেতে পারেন, তা নিয়ে জানার চেষ্টা করি। বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০-এর ধারা ১১৩এ–তে বলা আছে, ‘কোনো ব্যক্তি যদি তার ক্রয়কৃত টিকিটের চেয়ে উচ্চ শ্রেণির কামরায় ভ্রমণ করেন বা ভ্রমণের চেষ্টা করেন, তবে রেলওয়ে কর্মচারী তাকে সেই কামরা থেকে অপসারণ করতে পারবেন, যদি না তিনি তৎক্ষণাৎ অতিরিক্ত ভাড়া ও জরিমানা পরিশোধ করেন।’ এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনাও এ ক্ষেত্রে স্পষ্ট— যাত্রার দিনে ২৫% স্ট্যান্ডিং টিকিট বিক্রি হলেও, স্ট্যান্ডিং টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে (যেমন স্নিগ্ধা বা এসি সিট) ভ্রমণ করা যাবে না।

তাহলে প্রশ্ন হলো, যখন স্নিগ্ধা বগিতে স্ট্যান্ডিং টিকিটধারী ও টিকিটবিহীন যাত্রীরা উঠে পড়ছেন, তখন ধারা ১১৩এ-র প্রয়োগ কোথায়? রেলওয়ে কর্মীর অনুপস্থিতি কেবল নিয়ম লঙ্ঘনই নয়, এটি রেলওয়ের সেবা প্রদানের চুক্তিভঙ্গ। আপনি প্রায় দ্বিগুণ ভাড়া দিয়েছেন শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ, রিক্লাইনিং আসন (আরাম করে বসা বা শোয়ার জন্য পেছনের দিকে হেলানো অবস্থা) এবং নির্ধারিত সেবা পাওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে। কিন্তু বাস্তবে আপনি পেয়েছেন ভিড়, দাঁড়ানো যাত্রী এবং রেলওয়ের কর্মীবিহীন একটি বগি, যেখানে অতিরিক্ত যাত্রীর ভিড়ে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রও ঠিকমতো কার্যকর নয়। প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায় এটি সরাসরি রেলওয়ের সঙ্গে যাত্রীর সেবা প্রদানের চুক্তিভঙ্গের শামিল।

শীতাতপনিয়ন্ত্রিত কোচের ভেতরে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছেন যাত্রীরা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, পরিবহন একটি ‘সেবা’। অর্থের বিনিময়ে এই সেবা গ্রহণকারী যে কেউই আইনের দৃষ্টিতে ‘ভোক্তা’। ফলে স্নিগ্ধা শ্রেণির টিকিটধারী একজন যাত্রী কেবল রেলের যাত্রী নন, তিনি একজন ভোক্তা। একজন যাত্রী যখন প্রায় দ্বিগুণ দামে স্নিগ্ধা শ্রেণির টিকেট ক্রয় করেন, তিনি শুধু একটি আসনই কেনেন না, কেনেন নিরাপদ, মানসম্মত, নির্ধারিত মূল্য ও সময় অনুযায়ী সেবা পাওয়ার অধিকার। কিন্তু যখন সেই সেবা সরবরাহ করা হয় না, তখন ভোক্তা হিসেবে সংশ্লিষ্ট যাত্রীর প্রতিকার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪৫ অনুযায়ী, ‘প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করিলে অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’ স্নিগ্ধা শ্রেণির ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা (এসি পরিবেশ, নির্ধারিত আসন, কর্মীর উপস্থিতি) সরবরাহ না হওয়া রেলওয়ের সরাসরি অবহেলা এবং এই ধারার আওতায় পড়ে।

অধিকার লঙ্ঘিত হলে একজন যাত্রী, রেলওয়ের অভ্যন্তরীণ অভিযোগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রতিকার চাইতে পারেন।

রেলওয়ের অভ্যন্তরীণ অভিযোগ—

একজন যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনমাস্টারের কাছে লিখিত অভিযোগ জানাতে পারেন। রেলওয়ের হটলাইন ১৩১-এ ফোন করেও অভিযোগ করা যায়। এ ছাড়া অনলাইন টিকিটের অভিযোগের ক্ষেত্রে [email protected]তে ই–মেইল করা যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ: একজন যাত্রী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ করতে পারেন। এ ক্ষেত্রে ক্রয়কৃত টিকিট, ভ্রমণের তারিখ এবং ঘটনার বিবরণ সংযুক্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে রেলওয়ের বিরুদ্ধে জরিমানা আরোপিত হতে পারে এবং অভিযোগকারী জরিমানার ২৫ শতাংশ পাওয়ার অধিকারী হবেন।

ভোক্তা অধিকার আইন ও রেলওয়ে আইন—উভয়ই যাত্রীদের পক্ষে; তবে জবাবদিহি ও প্রয়োগের ঘাটতি রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা আর আইন প্রয়োগের মাধ্যমে রেলওয়ের স্নিগ্ধা শ্রেণির টিকিট কেটে অস্নিগ্ধ যাত্রা করার দিন শেষ হোক।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source