শেবাগ ২.০ হতে চান না তাঁর ছেলে আর্যবীর

· Prothom Alo

ফজলি আমগাছের চারা থেকে ফজলি আমই হয়। স্বাদে, গুণে, মানে সুবাসে এক।সেটা উদ্বিদবিজ্ঞানের জগৎ। ক্রিকেট–জগতের রীতি সব সময় আবার তেমন নয়।

ব্যাটসম্যান বাবার ছেলে যে ব্যাটসম্যানই হবেন, তা নয়। যেমন ধরুন, শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বাবা জগদ্বিখ্যাত ব্যাটসম্যান, কিন্তু ছেলে হয়েছেন পেস বোলিং অলরাউন্ডার। আবার দেখা যায় ক্রিকেটার হিসেবে বাবা যেমন ছিলেন, ছেলে ক্রিকেটার হলেও বাবার ঘরানার হয়ে উঠতে পারেননি। যেমন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ।

Visit esporist.org for more information.

ভারতীয় ক্রিকেটে শেবাগ মানেই ব্যাটে ঝড়ের উন্মাদনা। বলটা পেটানোর জিনিস—এটাই ছিল বীরেন্দর শেবাগের ব্যাটিং–দর্শন। ভারতের কিংবদন্তি এই ওপেনার বল দেখতেন আর মারতেন। তাঁর ছেলে আর্যবীরও ওপেনার। কিন্তু বাবার দর্শনে হাঁটেননি। নতুন বলে থিতু হতে একটু সময় নেন। পায়ের কাজ বেশ ভালো, যেটা তাঁর বাবা তোয়াক্কা করতেন না। বাবার সঙ্গে তাঁর বড় পার্থক্য হলো, আর্যবীর বলের লাইন–লেংথ এবং উইকেটের আচরণ বুঝে তারপর হাত খোলেন।

১৪ নভেম্বর ভারতের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ জয়ে এভাবে ব্যাট করেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন আর্যবীর। পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে ৩৬১ রান। স্ট্রাইক রেট ৯৫.৫০। ১৬০ রানের একটি ইনিংসের সঙ্গে তিন ফিফটিতে হন টুর্নামেন্ট সেরাও। খুব স্বাভাবিকভাবেই ১৯ বছর বয়সী আর্যবীরকে ঘিরে প্রত্যাশা বেড়েছে ভারতীয়দের। তাঁর মধ্যে ‘বীরেন্দর শেবাগ ২.০’ দেখার আশায় আছেন অনেকেই।

অ্যাকশনে আর্যবীর শেবাগ

কিন্তু আর্যবীর কী ভাবছেন? শুনুন তাঁর মুখেই, ‘আমি শেবাগ ২.০ হতে আসিনি। আমি আর্যবীর শেবাগ হতে এসেছি।’

জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় আর্যবীরের মুখে এমন কথা শুনে কারও কারও একটু খটকা লাগতে পারে। বাবা ক্রিকেট ইতিহাসেই সেরা ওপেনারদের একজন। ভারতীয় ক্রিকেটে ওপেনারদের ব্যাটিং–দর্শন পাল্টে ফেলারও পথিকৃৎ। ভারতের রাশি রাশি উঠতি ওপেনার যেখানে আরেকজন বীরেন্দর শেবাগ হয়ে ওঠার স্বপ্ন দেখেন, সেখানে স্বয়ং শেবাগের ছেলের দর্শন কেন ভিন্ন?

শেবাগ–দ্রাবিড়রা ফিরে এসেছেন, ভিন্ন সময়ে, ভিন্ন চেহারায়

প্রথম কথা হলো, না চাইলেও বাবার সঙ্গে যে তুলনা উঠবে সেটা আর্যবীর জানেন। সেটা তিনি মেনেও নিয়েছেন। কিন্তু বাবার মতো হয়ে উঠতে প্রত্যাশার যে চাপ, আর্যবীর তাতে পিষ্ট হতে চান না। আর্যবীর সম্ভবত রোহান গাভাস্কারকে দেখে আগেভাগেই শিক্ষা নিয়েছেন। প্রত্যাশার চাপে ভারতের আরেক কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের ক্যারিয়ারের ধারেকাছেও যেতে পানেননি তাঁর ছেলে রোহান গাভাস্কার।

আর্যবীর তাই বলেছেন, ‘ক্যারিয়ারে অনেক আগেই আমি এই বাস্তবতা মেনে নিয়েছি যে বাবার সঙ্গে আমার তুলনা সব সময়ই হবে এবং এটি অনিবার্য, এ নিয়ে আমার কিছুই করার নেই। মানুষ যদি মিল খুঁজে পায়, তবে সেটি তাঁদের নিজস্ব মতামত এবং বাবার প্রতি তাঁদের ভালোবাসা। তবে আমি এখানে শেবাগ ২.০ হতে আসিনি, আমি আর্যবীর শেবাগ হতে এসেছি। আমি দ্বিতীয় শেবাগ নয়, বরং প্রথম আর্যবীর হতেই বেশি পছন্দ করব।’

পরিবারের সঙ্গে আর্যবীর

ক্রিকেট বিশ্বের প্রথম শেবাগ বলিউডের হিন্দি গান গাইতে গাইতে বলের ছাল–চামড়া তুলে নিতেন। আর্যবীরের পথ একটু অন্য রকম। ধীরস্থির ও হিসাবি ব্যাটসম্যান। তবে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে বাবার মতো তাঁর ঠোঁটেও সুর ছিল। বলিউডের গান নয় ‘সীতা রাম’ কীর্তন। বাবার সঙ্গে যখন তাঁর এমন পার্থক্য, তখন আর্যবীরের দর্শনটা আসলে কেমন?

ভারতীয় ক্রিকেট থেকে ক্রিকেট বিশ্ব সে দর্শন আগেই দেখেছে। বিরাট কোহলি! শুনুন আর্যবীরের মুখেই, ‘আমি নিজেকে স্ট্রোক প্লেয়ার বা নির্দিষ্ট কোনো ধরনের খেলোয়াড় হিসেবে চিহ্নিত করি না। শুধু পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। আগেই বলেছি, আমি বিরাট কোহলির বিশাল বড় ভক্ত এবং যে পরিস্থিতিতে দলের যা প্রয়োজন, ঠিক সেটাই করতে চাই।’

Read full story at source