নদীর বুকে বন্ধুদের হাট
· Prothom Alo

জীবনে একবার বড় লঞ্চে করে চাঁদপুর গিয়েছিলাম; কিন্তু রিভার ক্রুজে যাওয়া হয়নি কোনো দিন। প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারায় ২.০’ আয়োজনের কিছুদিন আগে থেকেই ফেসবুকে রিভার ক্রুজের ভিডিও আসছিল। সেগুলো দেখলেই যেতে ইচ্ছা করত।
Visit rouesnews.click for more information.
তারপর হঠাৎ জানলাম, বন্ধুসভার পক্ষ থেকেই এমন একটি আয়োজনের প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলাম, যেন আমাদের পক্ষ থেকে অংশগ্রহণের ফরম পূরণ করা হয়। কিছুদিন পর রেজিস্ট্রেশনের লিংক এলে দ্রুত আমার তথ্য পাঠিয়ে দিলাম। কারণ, নির্দিষ্টসংখ্যক রেজিস্ট্রেশন হয়ে গেলে এমন সুযোগ হাতছাড়া হয়ে যায়। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর শুধু দিন গুনেছি, কবে আসবে ১৩ তারিখ।
অবশেষে সেই দিন এল। ভোরে উঠে হালকা শীতের মধ্যেই গোসল সেরে নিলাম। নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে গাবতলীর উদ্দেশে বের হলাম। তখনো ভোরের আলো ফোটেনি। সকাল ছয়টায় বাস এল। বাসে উঠতেই দেখি, পুব আকাশে সূর্য মামা উঁকি দিচ্ছে। ডাবল ডেকার বাসের দোতলায় গান গাইতে গাইতে আমরা পৌঁছালাম সদরঘাটে, যেখান থেকে লঞ্চে উঠব।
লঞ্চে উঠে মনে হলো ৬৪ জেলার মানুষ যেন এক লঞ্চেই জড়ো হয়েছেন। কী যে ভালো লেগেছিল! লঞ্চে উঠেই দেখা হয়ে গেল প্রিয় লেখক আনিসুল হক স্যারের সঙ্গে। তাঁর সঙ্গে ছবি তুললাম। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো।
কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা।লঞ্চ চলতে শুরু করল। তখনো সবার চোখে ঘুমের রেশ। সকালের নাশতা করতে করতে বন্ধুসভার বন্ধুরা মিলে আড্ডা দিলাম। অনেক দিন পর পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা। দুপুরের খাবারের পর বেরিয়ে পড়লাম অন্য জেলার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। লঞ্চের ডেকে গানের তালে তালে নাচানাচিও হলো। তারপর নিজেদের কেবিনে ফিরে জমিয়ে বসলাম গানের আসরে।
এভাবেই একসময় লঞ্চ ফিরে আসছিল ঢাকার বুকে। পড়ন্ত বিকেলের সোনালি রোদ নদীর পানিতে পড়ে চিকচিক করছিল। সেই মুহূর্তের অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।
সারা দিন পর সদরঘাটের কাছাকাছি আসতেই মনটা বিষণ্ন হয়ে এল। এমন একটা দিনকে বিদায় বলা খুবই কষ্টের, তবু বিদায় বলতেই হয়। তবে বন্ধুসভার কল্যাণে অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে, আর দেখা হয়েছে পুরোনো পরিচিত মুখদের সঙ্গে।
বন্ধু, কুষ্টিয়া বন্ধুসভা