আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে

· Prothom Alo

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর গতকাল বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। রায় পড়ে শোনাতে তিন ঘণ্টা সময় লেগেছে।

Visit mchezo.life for more information.

১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমার জাতিগত নিধন চালিয়েছে বলে মত দিয়েছেন। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীকে কয়েক দশক ধরে নিপীড়ন করা দেশটির বিরুদ্ধে ঐতিহাসিক ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন বিচারকেরা।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অধীন এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলাটি করেছিল।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার কয়েক দশক ধরেই নিপীড়ন চালিয়ে আসছিল। তবে ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে। এ কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। সেখানে আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে তারা।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ব আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গোষ্ঠী নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করা যাবে না।

সামরিক অভিযানের শুরুর দিকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পালাতে গিয়ে নৌকাডুবিতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের বিরুদ্ধে জাতিগত নিধন, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করে রোহিঙ্গারা।

রায় ঘোষণার সময় নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ভবন পিস প্যালেসে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের কর্মী ম্যাথু স্মিথ। তাঁর সঙ্গে ছিলেন রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তি ও গাম্বিয়ার প্রতিনিধিদলের সদস্যরা। উদ্বেগ নিয়ে রায় শুনছিলেন স্মিথ।

স্মিথ বলেন, ‘এই রায় জাতিগত নিধনের অপরাধী ও এর পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এ উদ্যোগ এগিয়ে নিতে রায়টি গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করবে।’

বাংলাদেশের কক্সবাজারের একটি আশ্রয়শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইড মামলার রায় সরাসরি দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ১৯ নভেম্বর ২০২৬

আদালত কী রায় দিয়েছেন

জাপানের বিচারক ইউজি ইওয়াসাওয়ার পড়ে শোনানো দীর্ঘ রায়ে বলা হয়েছে, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে’। তাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। শিশুদের ওপর চালানো হয়েছে ‘চরম সহিংসতা’।

রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেখানে স্থায়ী স্থাপনা তৈরি করে রোহিঙ্গা নয়, এমন ব্যক্তিদের বসতি গড়ে তোলা হয়েছে।

–ম্যাথু স্মিথ, কর্মী, ফর্টিফাই রাইটসএই রায় গোষ্ঠী হত্যার অপরাধী ও এর পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এই উদ্যোগ এগিয়ে নিতে রায়টি গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করবে।

মিয়ানমারের সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন। এসব বক্তব্যে তাদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট এবং সহিংস হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছে।

আদালত বলেছেন, ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ায় পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরে আসার সুযোগ খুব কম ছিল, অনেকের ক্ষেত্রে একেবারেই ছিল না। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সামরিক বাহিনীর কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনার উদ্দেশ্য ছিল তাদের।

রোহিঙ্গাবিরোধী অভিযানে সশস্ত্র বেসামরিক ব্যক্তি ও সহযোগী মিলিশিয়ারা অংশ নেন। এ ঘটনায় জাতিগত নিধনের ঝুঁকি থাকার বিষয়টি মিয়ানমারের সামরিক বাহিনী জানত।

ইওয়াসাওয়া বলেন, ‘এর মধ্য দিয়ে জাতিগত নিধন প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।’

আইসিজে নির্দেশ দিয়েছেন, মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। দায়ী সন্দেহভাজন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত চালাতে হবে। দোষী ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এমন ঘটনা আর ঘটবে না, তার নিশ্চয়তাও দিতে হবে।

আদালত রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল ও সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণমূলক প্রতিকারের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের অনুমতি দিতে এবং তা সহজ করতে হবে মিয়ানমারকে। ক্ষতিগ্রস্ত যৌথ মালিকানাধীন সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিংবা তার বিকল্প ব্যবস্থা করতে হবে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা এবং যথাযথ দাফনের ব্যবস্থা করতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নিপীড়ন থেকে তাঁদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

আদালত জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার প্রধান আইনজীবী ও আইনি প্রতিষ্ঠান ফোলি হোগের অংশীদার আরসালান সুলেমান বলেন, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতার শিকার অসংখ্য মানুষের জন্য ঐতিহাসিক বিজয়।

সুলেমানের মতে, জবাবদিহি নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বছরের পর বছর ন্যায়বিচার চেয়ে আসা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহস ও অধ্যবসায়ের প্রতিও এই রায় সম্মান জানিয়েছে।

রোহিঙ্গাদের কাছে রায়ের দিনটি ছিল দীর্ঘ প্রতীক্ষার।

রায়ের আগে রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের আল-জাজিরাকে বলেন, ‘রোহিঙ্গারা ন্যায়বিচার এবং মিয়ানমারের ভেতরে ও বাইরে নিরাপত্তা চায়।’

সাবের বলেন, রাখাইনে তাদের যেন আর বাস্তুচ্যুতি ও নির্বিচার হত্যার মুখে পড়তে না হয়, সেই প্রত্যাশাও রোহিঙ্গাদের রয়েছে।

আইসিজে কি মিয়ানমারকে বাধ্য করতে পারবে

নিজের রায় সরাসরি কার্যকর করার ক্ষমতা আইসিজের নেই। তবে এই রায়ের গুরুত্ব রয়েছে। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে পারে।

রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ১৯৪৮ সালের জেনোসাইড সনদ অনুযায়ী, কোনো দেশকে জাতিগত নিধনের জন্য দায়ী করতে হলে প্রমাণ করতে হয়, দেশটির কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল।

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাইরে ব্যানার হাতে এক ব্যক্তি। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার আগে। ১৯ নভেম্বর ২০২৬

এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন। এ কারণেও এর আগে কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেননি আইসিজে।

এর আগে ২০০৭ সালে বসনিয়ার করা জাতিগত নিধনের মামলার রায়ে আইসিজে বলেছিলেন, স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর চালানো জাতিগত নিধন ঠেকাতে ব্যর্থ হয়েছে সার্বিয়া। এ অপরাধে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে দেশটি। এ কারণে সার্বিয়া জাতিসংঘের ১৯৪৮ সালের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে।

–আরসালান সুলেমান, প্রধান আইনজীবী, গাম্বিয়াএই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতার শিকার অসংখ্য মানুষের জন্য ঐতিহাসিক বিজয়।

তবে আইসিজে বলেন, সার্বিয়া নিজে গোষ্ঠী নিধন সংঘটন করেনি। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্রেব্রেনিৎসায় জাতিগত নিধনের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিল।

এ সবকিছুর কারণে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জাতিগত নিধন মামলায় গতকালের রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

রোহিঙ্গারা কারা

রোহিঙ্গারা প্রধানত একটি মুসলিম জাতিগোষ্ঠী। তাদের মূল বসবাস মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।

২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার আগে মিয়ানমারে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা ছিল। দেশটির ১৩৭টি জাতিগোষ্ঠীর মধ্যে তারা সংখ্যালঘু। ভারত, পাকিস্তান ও সৌদি আরবেও রোহিঙ্গারা বসবাস করে।

বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা রোহিঙ্গারা নিজেদের দেশটির আদিবাসী হিসেবে পরিচয় দেয়। তবে সরকার তাদের স্বীকৃতি দেয় না; বরং বাংলাদেশ থেকে যাওয়া ‘অবৈধ অভিবাসী’ বলে দাবি করে।

মিয়ানমারে ১৯৮২ সালে পাস করা নাগরিকত্ব আইনে কার্যত দেশটির অধিকাংশ রোহিঙ্গা রাষ্ট্রহীন হয়ে পড়ে। পরবর্তী সরকারগুলোও তাদের বঞ্চিত করে গেছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারও একই কাজ করেছে।

বছরের পর বছর দফায় দফায় সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে রোহিঙ্গা। এই পরিস্থিতিতে ২০১৩ সালে গঠিত হয় বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। ২০১৭ সালের শেষ দিকে আরসা পুলিশের চৌকিতে হামলা চালালে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী।

ওই অভিযানে বেঁচে যাওয়া মানুষের ভাষ্য, রোহিঙ্গাদের ওপর নজিরবিহীন সহিংসতা চালানো হয়। সামরিক বাহিনী পুরুষদের গুলি করে হত্যা করে। নারীদের ধর্ষণ করে। শিশুদের আগুনে ছুড়ে ফেলে এবং রোহিঙ্গাদের গ্রামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

আদালত রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল ও সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণমূলক প্রতিকারের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন।

২০১৯ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়, তাতমাদো নারী, পুরুষ ও শিশুদের দলবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং ‘জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড’ চালিয়েছে।

সহিংসতার মুখে কয়েক মাসের মধ্যে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এখন বাংলাদেশের কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোয় প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। তবে এখনো মিয়ানমারে কঠোর বিধিনিষেধের মধ্যে প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা রয়েছে।

বাংলাদেশ চায়, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক। এদিকে কয়েক বছর ধরে তাদের জন্য বরাদ্দ সহায়তা কমছে। বিশেষ করে ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে বৈদেশিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট করার পর এ সংকট বেড়েছে।

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার আগে বুকে গুলিবিদ্ধ হয়েছিল সাত বছর বয়সী মোহাম্মদ শোয়াইব। ছেলেকে কোলে নিয়ে কক্সবাজারের কাছে কুতুপালং শরণার্থীশিবিরের একটি চিকিৎসাকেন্দ্রের বাইরে বসে আছেন তার বাবা ৫০ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ তাহের। ৫ নভেম্বর ২০১৭

গাম্বিয়ার যুক্তি কী ছিল

পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারকে হেগের আদালতে নেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন পেয়েছিল।

গাম্বিয়া নিজেও তখন স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর দীর্ঘদিনের নিপীড়ন কাটিয়ে উঠছিল। তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবীদের দল যুক্তি দেয়, মিয়ানমার জাতিগত নিধন চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘন করেছে।

মিয়ানমারের তৎকালীন নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি নিজে আদালতে হাজির হয়ে গাম্বিয়ার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলেছিলেন। পরে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

২০২০ সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন প্রতিরোধে মিয়ানমারকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইসিজে। বিশেষজ্ঞরা একে সু চির প্রতি ‘কঠোর ভর্ৎসনা’ বলে বর্ণনা করেছিলেন।

মামলায় সমর্থন জানিয়ে অংশ নেওয়ার জন্য আবেদন করে ১১টি দেশ। সেগুলো হলো কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য।

২০২৬ সালের জানুয়ারির শুনানিতে বর্তমান বিচারমন্ত্রী দাউদা এ জালোর নেতৃত্বে গাম্বিয়া আবারও অভিযোগ করে, রোহিঙ্গাদের ‘ধ্বংসের’ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নিশানা করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী। তাদের কর্মকাণ্ডে ‘জাতিগত নিধনের অভিপ্রায়’ ছিল।

বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা প্রতিষ্ঠার আবেদন জানায় গাম্বিয়া। দায়ী ব্যক্তিদের বিচার এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে মিয়ানমার সরকারকে নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়।

মিয়ানমার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির যুক্তি, (আরসার) সশস্ত্র হামলার জবাব দিতে সামরিক বাহিনী ‘শুদ্ধি অভিযান’ চালাতে বাধ্য হয়েছিল।

রোহিঙ্গাবিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং এখন মিয়ানমারের প্রেসিডেন্ট। সামরিক বাহিনীর এই সাবেক প্রধান ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন।

রোহিঙ্গাদের জন্য রায়ের অর্থ কী

জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, কয়েক দশকের দুর্ভোগের পর এই রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অন্যায়ের স্পষ্ট স্বীকৃতি মিলেছে।

সর্বোচ্চ পর্যায়ে ন্যায়বিচার ও জবাবদিহির দাবির আইনি ভিত্তিও তৈরি করেছে এই রায়। এর মধ্য দিয়ে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ঘরে ফেরা এবং শেষ পর্যন্ত মিয়ানমার রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার লক্ষ্য অর্জনে এগোতে পারে রোহিঙ্গারা।

ম্যাথু স্মিথ বলেন, ক্ষতিপূরণমূলক প্রতিকার নিয়ে নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আদালতের রায় এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনার ভিত্তি তৈরি করেছে।

স্মিথের ভাষ্য, ‘রোহিঙ্গাদের জন্য প্রতিকার হতে হবে পূর্ণাঙ্গ ও অর্থবহ। এর ধরন নির্ধারণে জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের নিজেদের ভূমিকা থাকতে হবে।’

নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার মামলায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গাম্বিয়ার আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা জালো। ১৯ নভেম্বর ২০২৬

স্মিথের মতে, এই প্রতিকারকে ত্রাণ বা মানবিক সহায়তার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। এর সঙ্গে রাষ্ট্রীয়ভাবে অন্যায় স্বীকার করতে হবে।

স্মিথ বলেন, পরিকল্পনায় বিপুল ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ, কেড়ে নেওয়া জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনর্বহাল করতে হবে।

নিরাপদ প্রত্যাবর্তন, চিকিৎসা, মানসিক আঘাত কাটিয়ে ওঠার সহায়তা, শিক্ষা ও জীবিকার সুযোগের নিশ্চয়তাও থাকতে হবে।

স্মিথ বলেন, ‘কোনো অর্থ দিয়েই গোষ্ঠী নিধনের ক্ষতি মুছে ফেলা যায় না। তবে অর্থবহ প্রতিকার অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার ফিরিয়ে দিতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব মানুষকে তিনটি বিষয় থেকেই বঞ্চিত করা হয়েছে।’

রোহিঙ্গারা কি নিরাপদে ফিরতে পারবে

এটি এখনো অনিশ্চিত। মিয়ানমারে অস্থিরতা চলছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

২০২১ সালে সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর মিয়ানমারজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এ কারণে এখন পর্যন্ত আনুমানিক এক লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি।

রাখাইনে সামরিক বাহিনী ও প্রধানত বৌদ্ধদের নিয়ে গঠিত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াই পরিস্থিতি আরও খারাপ করেছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিশানা করে থাকে।

গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি শরণার্থীর পরিচয় যাচাই করে প্রত্যাবর্তনের জন্য নিবন্ধন করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই কেবল তাদের প্রত্যাবর্তন শুরু হতে পারে।

ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার রায়ের আগে আল-জাজিরাকে বলেন, জাতিগত নিধন রায় রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। তবে স্বল্প মেয়াদে তাদের অবস্থার তেমন পরিবর্তন না–ও হতে পারে।

মাইকেল বেকার আরও বলেন, ‘আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই তা কার্যকর করার অনুকূল পরিবেশ নেই।’

এরপর কী হবে

মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়ন করবে কি না, করলে কীভাবে করবে এবং ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দেবে কি না, এখন সেদিকেই সবার নজর।

কিয়াও মিন সাবের বলেন, রোহিঙ্গাদের সমর্থনকারী রাষ্ট্রগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বজায় রাখুক, বেঁচে যাওয়া ভুক্তভোগী ব্যক্তিরা এমনটাই চান। সামরিক বাহিনী ও আরাকান আর্মির চলমান অধিকার লঙ্ঘন বন্ধ করতে এই চাপ প্রয়োজন।

মিন সাবেরের মতে, রোহিঙ্গাদের সুরক্ষা ও ন্যায়বিচারের প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার বিষয়ে গাম্বিয়া, ওআইসি এবং মামলায় সমর্থন জানানো দেশেরগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

এর মধ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত। এসব দেশে তারা দুর্ব্যবহার, নির্বিচার আটক ও ফেরত পাঠানোর আতঙ্কে থাকে।

সাবের বলেন, ‘তাদের (মামলাটিতে সমর্থন দেওয়া দেশগুলোর) অঙ্গীকার শুধু আদালতের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পূর্ণ সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে না পারা পর্যন্ত এই অঙ্গীকার অব্যাহত রাখতে হবে।’

Read full story at source