দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বাধা: হোসেন জিল্লুর রহমান

· Prothom Alo

দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা। দুর্নীতি নিয়ে আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে চাইলেও প্রাতিষ্ঠানিক হয়রানির কারণে করের আওতা বাড়ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য ভাষ্য তৈরি করতে হবে। জাতীয় নেতৃত্বকেও এসব কথা শুনতে হবে।

Visit bettingx.bond for more information.

এমন মন্তব্য করেছেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের মধ্যে নিজের ভাগ্য নিজেই গড়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। বস্তিবাসী, মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক—সব শ্রেণির মানুষের মধ্যেই উদ্যোগী মনোভাব ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। কিন্তু মানুষের এই উদ্যোগী শক্তি ও পরিশ্রমকে রাষ্ট্র, রাজনীতি ও সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় কনফারেন্স স্পিকার হিসেবে এ কথা বলেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, গণমাধ্যমের প্রতিদিনের শিরোনামে নেতিবাচক খবরই বেশি প্রাধান্য পাচ্ছে। দেশের বাস্তব পরিস্থিতি কঠিন, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। তবে শুধু নেতিবাচক খবর নিয়ে পড়ে থাকলে চলবে না। এসব চ্যালেঞ্জের পাশাপাশি দেশের নিজস্ব সক্ষমতা, সম্পদ ও সম্ভাবনাগুলো খুঁজে দেখতে হবে। উদ্যমী ও উদ্ভাবনী তরুণদের শক্তি কাজে লাগিয়েই সামনে এগোনোর পথ তৈরি করতে হবে।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তার পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশ কোথায় যেতে পারে, তা নিয়েও ভাবতে হবে। দেশের কারখানা, কৃষি, শহর ও তরুণদের মধ্যে শক্তিশালী উদ্যোগী মনোভাব ও উদ্ভাবনের আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের ইতিবাচক রূপান্তরে এই শক্তিকে কাজে লাগাতে হবে।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ দেখছে যুক্তরাষ্ট্র
প্রধান অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তিতে (এআরটি) স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসার নিয়মকানুন সহজ করা, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা ও আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো আছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থায়ন করে। তবে এ অর্থায়ন পেতে প্রকল্পগুলো ব্যবসায়িকভাবে লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, শেভরন দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করে। এক্সিলারেট দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। জিই ভারনোভাও বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ করছে। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।

বিনিয়োগ পরিবেশ সহজ করার তাগিদ
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা জোরদার ও ওয়ান–স্টপ সার্ভিস আইন বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন আইবিএফবির সভাপতি সৌদিয়া খান। তিনি বলেন, নির্মাণ অনুমোদন, সরকারি সেবা গ্রহণ ও ব্যবসা পরিচালনার জটিলতা কমানো প্রয়োজন।

সৌদিয়া খান আরও বলেন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, পরিবেশবান্ধব পদ্ধতিতে জাহাজ নির্মাণ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা নিয়ে আইবিএফবি আলোচনা ও গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। সংগঠনটির এক সদস্য ইতিমধ্যে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শুরু করেছেন।

ডিএফসির অর্থায়নের সুযোগ বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদিয়া খান বলেন, বাংলাদেশি ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আইবিএফবি কাজ করতে পারে। তবে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে তিনি নিজেও নীতিগত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে নীতিমালা সহজ, ন্যায্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন।

সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Read full story at source